Published : 04 Jul 2026, 11:32 AM
নকআউট পর্বে কোনো সহজ প্রতিপক্ষ নেই, বারবারই বলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শেষ বত্রিশে কেইপ ভার্ডের বিপক্ষে কোনোমতে জিতে সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপে সহজ প্রতিপক্ষ পাওয়ার আলোচনা উড়িয়ে দিলেন বিশ্বকাপ জয়ী কোচ।
মায়ামিতে বাংলাদেশ সময় শনিবার ভোরের ম্যাচে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দিয়েছে কেইপ ভার্ডের আত্মঘাতী গোল।
দুইবার সমতা ফেরানো কেইপ ভার্ড ম্যাচ টাইব্রেকারে নেওয়ার খুব কাছেই ছিল। কিন্তু তৃতীয় দফায় তাদের সমতা ফেরাতে দেয়নি বিশ্ব চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং সৌদি আরবের সঙ্গে ড্র করা কেইপ ভার্ডকে নিয়ে শুরু থেকেই সাবধানী ছিলেন স্কালোনি। শেষ বত্রিশের প্রতিপক্ষের নাম জানার পর বলেছিলেন, ম্যাচ সহজ হবে না।
নকআউট পর্বে এগিয়ে যেতে পারলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে আলোচনায় বলা হচ্ছে, সহজ প্রতিপক্ষ পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে কেইপ ভার্ডকে হারানোর পর স্কালোনি বলেছেন, বিশ্বকাপে নকআউট পর্বে সহজ প্রতিপক্ষ বলতে কিছু নেই।
“এই ম্যাচ তাদের জন্য, যারা বলে যে আমরা ড্রয়ে সহজ পথ পেয়েছি। অবশ্যই জয় পেয়ে এগিয়ে যাওয়াটা আমাদের প্রাপ্য ছিল। কিন্তু এটা ছিল ভীষণ কঠিন একটা ম্যাচ।”