১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন এ্যানি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 03:50 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

সাধারণ শিক্ষাব্যবস্থার পাশাপাশি মাধ্যমিকে কারিগরি শিক্ষায় সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, “হাইস্কুলে সরকার কারিগরি শিক্ষার দিকে নজর দিয়েছে। জেনারেলি পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষায় অগ্রাধিকার থাকবে। এ ছাড়া উপবৃত্তির ব্যবস্থাও আছে।”

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

বিএনপি যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, “শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া প্রয়োজন। সে লক্ষে সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাইমারিতে ‘মিড ডে ফুড’ চালু করেছে।”

প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

এর আগে বিদ্যালয়টির একটি নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ্যানি।