Published : 11 Jul 2026, 08:22 AM
শঙ্কা ও সম্ভাবনা দুটোই ছিল, শঙ্কাই সত্যি হয়েছে জোয়ান মানজাম্বিকে নিয়ে। তরুণ এই মিডফিল্ডারকে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না সুইজারল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগে, এমন ধাক্কা খাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ মুরাত ইয়াকিন।
ক্যানসাস সিটিতে, বাংলাদেশ সময় ১২ জুলাই ৭টায় (এএম) এবারের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ৭২ বছর পর কোয়ার্টার-ফাইনালে ওঠা সুইজারল্যান্ডের সামনে প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলার হাতছানি।
এই ম্যাচে, তাই মানজাম্বির বড্ড প্রয়োজন ছিল সুইজারল্যান্ডের। চলতি আসরে, তিন গোল করে ও দুটি করিয়ে, ২০ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার হয়ে উঠেছিলেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
হাঁটুর চোটের কারণে, কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোয় টাইব্রেকার জেতা ম্যাচ খেলতে পারেননি মানজাম্বি। তবে, সুইজারল্যান্ড আশা ছিল তার সেরে ওঠার। কিন্তু সময়মতো সেরে উঠতে পারলেন না দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডার।
মানজাম্বিকে সারিয়ে তোলার সব রকম চেষ্টা করার পরও, ব্যর্থ হওয়ার হতাশা ঝরল ইয়াকিনের কণ্ঠে।
“তাকে ফিরে পাওয়ার জন্য আমরা সব রকম চেষ্টাই করেছি। দূর্ভাগ্যজনকভাবে, সে আগামীকাল খেলতে পারছে না।
“জোয়ান মানজাম্বি প্রচণ্ড ব্যথা অনুভব করছে। এটা আমাদের সবার জন্য বড় ধাক্কা। কেননা, সে ছন্দে ছিল এবং সে যখন ফুটবল খেলে, তখন আনন্দদায়ক হয়।”