Published : 09 Jul 2026, 11:28 PM
বড় এক ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখা ডিফেন্ডার জ্যারেল কুয়ান্সাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
আসতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে ৫৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কুয়ান্সা। মেক্সিকোর হেসুস গাইয়ার্দোকে অযথাই বাজে ট্যাকল করেন তিনি। রেফারি শুরুতে তা খেয়াল করেননি। সেই ফাউলের সূত্রে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটু পর ভিডিও পর্যালোচনায় কুয়ান্সাকে বহিষ্কার করেন রেফারি।
এটিকে গুরুতর ফাউল হিসেবে গণ্য করা হয়েছে। ফলে কুয়ান্সাকে লাল কার্ডের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি অতিরিক্ত আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফার শৃঙ্খলা কমিটি।
ফিফা যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার প্রেক্ষিতে, প্রাথমিকভাবে কুয়ান্সার লাল কার্ডের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথা ভাবছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
কিন্তু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।
এই নিষেধাজ্ঞার ফলে শনিবার মায়ামিতে কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে এবং ইংল্যান্ড সেমি-ফাইনালে উঠলে সেখানেও পারবেন না কুয়ান্সা।
ইংল্যান্ড ১৯ জুলাইয়ের ফাইনালে উঠলেই কেবল আবার খেলতে পারবেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।
খেলোয়াড়দের চোটের কারণে দলের রক্ষণভাগ নিয়ে এমনিতেই সমস্যায় আছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। এর মধ্যে দলের জন্য বড় ধাক্কা হয়ে এলো কুয়ান্সার নিষেধাজ্ঞা।