Published : 06 Jun 2026, 08:53 AM
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার সেরা সাফল্যের অংশ ছিলেন হং মিয়ং-বো। ২০০২ সালের সেই যাত্রার পুনরাবৃত্তি করে এবার দল সেমি-ফাইনালে খেলতে পারলে খুব খুশি হবেন তিনি। তবে এমন চাওয়া খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ সৃষ্টি করুক, চান না দলটির প্রধান কোচ। বিশ্বকাপকে বরং সন হিউং-মিনদেরকে উপভোগের মঞ্চ হিসেবে দেখতে বললেন তিনি।
দেশের মাঠে অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপে হংয়ের নেতৃত্বেই সেমি-ফাইনালে খেলেছিল দক্ষিণ কোরিয়া। সেবার দুর্দান্ত খেলে টুর্নামেন্টের ব্রোঞ্জ বল জিতেছিলেন তিনি।
খেলোয়াড় অথবা কোচ হিসেবে এই নিয়ে সপ্তম বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন হং। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়া কোচ বললেন, দুই যুগ আগের সেই সাফল্য নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেন না তিনি।
“খেলোয়াড়রা যদি সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারে, তাহলে সেটা হবে অসাধারণ। কিন্তু ২০০২ সালে আমরা যা অর্জন করেছিলাম, তা বর্তমান দলের ওপর বোঝা হয়ে দাঁড়াক, সেটা চাই না। দেশের প্রতিনিধিত্ব করার সঙ্গে যে দায়িত্ব আসে, খেলোয়াড়রা তা বোঝে; কিন্তু আমি চাই তারা বিশ্বকাপকে ভয় পাওয়ার বদলে উপভোগ করার মঞ্চ হিসেবে দেখুক।”
“ব্যক্তিগতভাবে, আমি খেলোয়াড়দের সঙ্গে ২০০২ সাল নিয়ে কথা বলি না। বরং, সামনে এগিয়ে যেতে আমাদের কী করতে হবে এবং কী কী চ্যালেঞ্জ আছে, তা নিয়েই বেশি সময় ব্যয় করি। আমরা যখন সেমি-ফাইনালে উঠেছিলাম, তখন আমাদের বর্তমান দলের কিছু খেলোয়াড়ের জন্মই হয়নি। তাদের কাছে এটা অনেক পুরনো ইতিহাস মনে হয়।”
আগামী ১১ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।