১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিটিভিতে বিশ্বকাপ: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনায় সরকারের সায়

প্রস্তাবটি এর আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাতেও অনুমোদন পায়।

বিটিভিতে বিশ্বকাপ: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনায় সরকারের সায়
ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 07:42 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

বিশ্বকাপ ফুটবল প্রচারে ৭২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন পায়। 

 বাংলাদেশ টেলিভিশনে বিশ্বকাপ প্রচারের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ স্বত্ব কিনছে সরকার। 

মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে প্রস্তাবটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাতেও অনুমোদন পায়। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় ফিফার কাছ থেকে এ সম্প্রচার স্বত্ব পাচ্ছে বিটিভি। তবে সমঝোতার মাধ্যমে অন্যান্য টেলিভিশন স্টেশনও সেই স্বত্ব ব্যবহার করে সরাসরি খেলা দেখাতে পারবে। এরই মধ্যে ‘সময়’ ও ‘টি স্পোর্টস’ সেই স্বত্ব নিয়েছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম।

রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এখন পর্যন্ত ‘সময়’ আর ‘টি স্পোর্টস’ খেলা দেখাবে, সেটা নিশ্চত হওয়া গেছে।

"যে পরিমাণ মুল্য পরিশোধ করতে হবে, সেই ক্রাইটেরিয়া পূরণ করলে হয়ত আরো কেউ কেউ পাবে। তবে বিষয়টি যেহেতু মন্ত্রনালয়ের অধীনে, তারা বিস্তারিত জানাতে পারবে।”

আগামী ১১ জুন থেকে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবার ৪৮টি দেশ লড়কে। খেলা হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।