২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মাটি ‘অস্বাভাবিক গরম’, তদন্তে ফায়ার সার্ভিস

নিরাপত্তার জন্য বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 04:37 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের একটি অংশের মাটি ‘অস্বাভাবিকভাবে গরম’ হয়ে ওঠার ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে একটি দল গিয়ে পানি দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করেছে বলে জানান গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এ বি এম আবুল বাশার।

তিনি বলেন, “মাটির একটি নির্দিষ্ট অংশে অস্বাভাবিক তাপ অনুভব করেছি। কেন গরম হচ্ছে, তা এখনই বলা সম্ভব নয়। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হবে।”

এ ঘটনায় স্থানীয়রা মাটির নিচে কী কারণে তাপ তৈরি হচ্ছে, তা দেখতে ভিড় জমিয়েছেন। তাদের ধারণা, ভূগর্ভস্থ কোনো গ্যাস, রাসায়নিক বিক্রিয়া বা অন্য কোনো কারণে এই তাপ সৃষ্টি হতে পারে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওসাদ হাসান বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানার জন্য বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান মিয়া বলেন, “রোগী ও দর্শনার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি।”

গোসাইরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আব্দুল মতিন বলেন, “প্রাথমিকভাবে বিদ্যুতের কোনো ত্রুটি বা লিকেজ পাওয়া যায়নি। তবু নিরাপত্তার স্বার্থে এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।”