Published : 07 Jun 2026, 09:01 AM
চার বছরে আরও পরিণত হয়েছে মরক্কো, দলের শক্তিও বেড়েছে। তাতে দলটির স্বপ্নের পরিধি আরও বড় হয়েছে। অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বোনো বলেছেন, কাতার আসরকে ছাড়িয়ে যেতে চান তারা।
২০২২ বিশ্বকাপে বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও কানাডাকে টপকে গ্রুপ সেরা হয় মরক্কো। ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্রয়ে আসর শুরুর পর হারায় বেলজিয়াম ও কানাডাকে।
শেষ ষোলোয় টাইব্রেকারে স্পেনকে বিদায় করার পর, কোয়ার্টার-ফাইনালে থামায় ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে। আফ্রিকার প্রথম দল হিসেবে জায়গা করে নেয় সেমি-ফাইনালে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে হেরে থামে মরক্কোর স্বপ্ন যাত্রা।
আরেকটি আসরের আগে ফিফার মুখোমুখি হলেন অভিজ্ঞ গোলরক্ষক বোনো। এবার তার চোখে আরও বড় স্বপ্ন।
“খেলোয়াড়দের সেই মান এখনও আছে। সঠিক মানসিক অবস্থাও আছে। কারণ, এটা বিশ্বকাপ এবং প্রত্যেক খেলোয়াড় এখানে খেলার স্বপ্ন দেখে। কারও জন্য এটা শেষ বিশ্বকাপ, কারও জন্য এটা প্রথম।”
“সত্যি বলতে, এখানে আমাদের চেয়েও ফেভারিট দল আছে। আমাদের দিক থেকে, আমরা ২০২২ সাল থেকে উন্নতির পথে আছি। তাই চেষ্টা করব (সাফল্যের ধারা) ধরে রাখার। আর তা করতে পারলে, কেউ বলতে পারবে না আমরা কত দূর যাব।”
ফিফা র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে রয়েছে মরক্কো। ওয়ালিদ রেগরাগির জায়গায় কোচ হয়ে এসেছেন মোহামেদ ওয়াহবি। তার কোচিংয়ে আরও বেশি সমীহ আদায় করে নিচ্ছে মরক্কো। প্রতিপক্ষ যে তাদের ভিন্ন চোখে দেখছে, ভালোভাবেই নজরে পড়েছে ৩৫ বছর বয়সী বোনোর।
“আমরা অনুভব করি, প্রতিপক্ষ এখনও আমাদের শ্রদ্ধা করে এবং এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস জোগাবে। আমি মনে করি, (দলের মধ্যে) এখন বিশ্বাসের একটা অনুভূতি আছে, হয়তো সেটা আগে আফ্রিকার দল হিসেবে আমরা অনুভব করিনি।”
আগামী ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে রোববার রাতে নরওয়ের বিপক্ষে খেলবে তারা।