Published : 04 Jul 2026, 12:11 PM
বিশ্ব মঞ্চে রূপকথার মতো সময় কাটিয়েছে কেইপ ভার্ড। পারফরম্যান্স দেখে মনে করার উপায় নেই যে, এবারই প্রথম বিশ্বকাপে খেলছে তারা। শেষ বত্রিশে আর্জেন্টিনার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে হেরেছে আফ্রিকার দলটি। সঙ্গে শেষ হয়ে গেছে বিশ্বকাপে তাদের পথচলা। তবে বিদায়ের আগে দল যেভাবে নিজেদের নিংড়ে দিয়ে লড়াই করেছে তাতে মুগ্ধ কেইপ ভার্ড কোচ বুবিস্তা।
মায়ামিতে বাংলাদেশ সময় শনিবার ভোরে আর্জেন্টিনার বিপক্ষে দুইবার ম্যাচে সমতা ফেরায় কেইপ ভার্ড। কিন্তু অতিরিক্ত সময়ে হজম করা আত্মঘাতী গোলটি আর শোধ করতে পারেনি তারা। শেষ পর্যন্ত হারে ৩-২ ব্যবধানে।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই একের পর এক চমক দিয়ে আসছে কেইপ ভার্ড। গ্রুপ পর্বে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের পাশাপাশি সৌদি আরবের বিপক্ষেও ড্র করে তারা। রানার্স আপ হয়ে জায়গা করে নেয় শেষ বত্রিশে।
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউট পর্বে ওঠার কীর্তি গড়ে কেইপ ভার্ড। সেখানেও উপহার দেয় প্রবল লড়াই। শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ টাইব্রেকারে নিতে পারলে ঘটতে পারতো যে কোনো কিছু। কিন্তু সেটা পারেনি তারা।
কেইপ ভার্ডকে এতদূর নিয়ে আসার কারিগর বুবিস্তা। বিশ্বকাপ অভিষেক স্বপ্নের মতো পথচলা এখানেই থেমে যাওয়ায় খারাপ লাগছে তারও। তবে বিশ্ব আসরে যে দৃঢ়তা ও মানসিকতা দেখিয়েছে ভজিনিয়ারা, তাতে ভীষণ গর্বিত তিনি।
“ড্রেসিং রুমের পরিবেশ বিষাদময়। আমরা কষ্ট পাচ্ছি, কারণ প্রতিযোগিতাটি থেকে বিদায় নিচ্ছি, আর আমরা (জয়ের) খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, খুবই কাছাকাছি।
“ছেলেরা অনেক কষ্ট পাচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। এগুলো বিকাশের একটি অংশ। এটা আমাদের বেড়ে উঠতে সাহায্য করবে এবং একই সঙ্গে এটাও প্রমাণ করে যে, এই দলের ভেতরে প্রাণ আছে।”
আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে ম্যাচকে অতিরিক্ত সময়ে নেওয়াকেই অনেক বড় পাওয়া হিসেবে দেখছেন বুবিস্তা।
“ছেলেরা যা করেছে, তাতে আমি গর্বিত। তারা মর্যাদা ও সাহসের সঙ্গে লড়াই করেছে। আর আমার মনে হয়, আর্জেন্টিনা দেখিয়েছে তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের দলও দেখিয়েছে, এই ম্যাচটি খেলার জন্য তারা কতটা প্রস্তুত ও আগ্রহী ছিল।
“আর্জেন্টিনার বিপক্ষে আরও কোনো দল দুই গোল করেছে এবং ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নিয়েছে বলে মনে হয় না। এটা আমাদের মানসিকতা এবং দক্ষতাকে ফুটিয়ে তোলে। ছেলেরা বীরত্বের সঙ্গে লড়েছে, কখনও নিজেদের পরিচয় হারায়নি।”
এবারের বিশ্বকাপে কেবল খেলতে আসেনি কেইপ ভার্ড, নিজেদের দেশকে বিশ্বের সামনে তুলে ধরতেও এসেছে তারা; কথাটি শোনা গেছে দলটির অনেকের মুখেই। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সেটাই আরও একবার বললেন বুবিস্তা।
“স্রেফ খেলা না, আরও বড় লক্ষ্য ছিল আমাদের, সেটা হলো, বিশ্বের সামনে নিজেদের পরিচয় তুলে ধরা। পুরো টুর্নামেন্টে যতদিন আমরা টিকে ছিলাম, আমরা সবসময় ইতিবাচক ফুটবল খেলতে চেয়েছি এবং বিশ্বের সেরা দলগুলোর মুখোমুখি হতে চেয়েছি।
“আমরা সততার সঙ্গে খেলেছি এবং প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছি। আমার মনে হয়, দারুণ একটি টুর্নামেন্ট কাটানোর জন্য সবারই উচিত খেলোয়াড়দের ধন্যবাদ জানানো। কারণ, তারা দেখিয়েছে আমাদের ছোট্ট দেশটি আসলে কীসের প্রতিনিধিত্ব করে।”