Published : 04 Jul 2026, 06:39 PM
ভাতা বৃদ্ধিসহ দুই দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরা জেলা শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।
মানববন্ধনে শোভাষিনী শাখা ডাকঘরের পোস্ট মাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এল্লারচর শাখা ডাকঘরের পোস্ট মাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্ট মাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলা হরিহরনগর শাখা পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্ট মাস্টার অসিত কুমার মণ্ডল, রসুলপুর শাখার পোস্ট মাস্টার ফারহানা খান এবং জগনাথপুর পোস্টমাস্টার আজরাতু জান্নাত বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। তাদের দুই দফা দাবি হলো- বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনে যুক্ত হয়েছে।
দাবি বাস্তবায়ন না হলে ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।