১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অসুস্থ শবনম মুশতারীকে দেখতে গেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

তার চিকিৎসায় সহায়তা হিসেবে ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’ এর পক্ষ থেকে ৫ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়েছে।

অসুস্থ শবনম মুশতারীকে দেখতে গেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
শবনম মুশতারীকে দেখতে শনিবার তার বাসায় যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 06:32 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে তার বাসায় গেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার একুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর ধানমন্ডির বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় সহায়তা হিসেবে ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’ এর পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক তুলে দেন তারা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সায়েলা খানম ও শিল্পীর পরিবারের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

বার্ধক্যজনিত জটিলতা ও ‘ডিমেনশিয়ায়’ ভুগছেন শবনম মুশতারী। অসুস্থতার কারণে অনেক দিন থেকে গান থেকে তিনি দূরে।

ষাটের দশক থেকে গানের সঙ্গে যুক্ত শবনম মুশতারী। দীর্ঘ সংগীতজীবনে তার আধুনিক ও নজরুল সংগীতের ১০টি অ্যালবাম প্রকাশ পেয়েছে। নজরুল সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে তিনি ‘একুশে পদক’ পান। ২০১৫ সালে পান ‘নজরুল পুরস্কার’।

শবনম মুশতারীর জন্ম নওগাঁয়। কবি তালিম হোসেন এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা তিনি। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।