২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 14 Jun 2026, 04:02 PM
চাওয়া অনুযায়ী দাপুটে, আক্রমণমাত্মক ফুটবল খেলল দল, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রত্যাশা অনুযায়ী মিলল না গোল। কাতারের বিপক্ষে ড্রয়ের পর হারানো সুযোগগুলো নিয়ে আক্ষেপ ঝরল মুরাত ইয়াকিনের কণ্ঠে। সুইজারল্যান্ড কোচ বললেন, যথেষ্ট নিখুঁত ছিলাম না।
উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘বি’ গ্রুপের সুইজারল্যান্ড ও কাতারের ম্যাচটি ১-১ ড্র হয়। ব্রিল এমবোলোর সফল স্পট কিকে প্রথমার্ধে এগিয়ে যায় সুইসরা। দ্বিতীয়ার্ধের ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কাতার সমতায় ফিরে মিরো মুহিমের আত্মঘাতী গোলে।
স্যান ফ্র্যান্সিসকোর বে অ্যারেনায়, বলের নিয়ন্ত্রণ, সুযোগ তৈরি-সব ক্ষেত্রেই কাতারের উপর ছড়ি ঘুরিয়েছে সুইসরা। যেমনটা চেয়েছিলেন ইয়াকিন, কিন্তু আক্রমণভাগের মলিনতায় ৩ পয়েন্টের চাওয়াটা পূরণ হয়নি তার।
“আমাদের একটা পরিকল্পনা ছিল এবং আমরা খুবই দাপুটে ও আক্রমণাত্মক হতে চেয়েছিলাম। খুবই ভালো সুযোগগুলো তৈরি করলাম, কিন্তু দূর্ভাগ্যজনকভাবে, আমরা সবসময় কার্যকর ছিলাম না। হয়ত, আমরা যথেষ্ট স্মার্ট ছিলাম না; শেষ দিকে, যথেষ্ট নিখুঁত ছিলাম না। দিনশেষে, দূর্ভাগ্যজনকভাবে, আমরা ২ পয়েন্ট হারালাম।”
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাতারের পাওয়া গোলটি শুরুতে মনে হয়েছিল, অধিনায়ক বুয়ালাম খোখি করেছেন হেড থেকে। পরে অবশ্য পরিস্কার হয়, সুইস মিডফিল্ডার মিরোর আত্মঘাতী গোল।
ইয়াকিনের মনে হচ্ছে, শেষ মুহূর্তে বল দখলে নিয়ন্ত্রণ হারিয়েছিল তার দল, যখন আরও সতর্ক হওয়া উচিত ছিল। সেটা না হওয়ার মাশুলই দিতে হয়েছে। তবে, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদও শুনিয়েছেন তিনি।
“এটা স্রেফ অপ্রয়োজনীয় ছিল, আমরা বল হারালাম এবং প্রতিপক্ষকে সুযোগ তৈরির অনুমতি দিলাম। এটা আসলেই ভীষণ পীড়াদায়ক। এখন, আমাদেরকে ড্রয়িং বোর্ডে ফিরতে হবে, ম্যাচটি মূল্যায়ন করতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে।”
গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। বিশ্বকাপের সহ-আয়োজক কানাডাকে ১-১ গোলে রুখে দিয়ে আসর শুরু করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। ইয়াকিনের বিশ্বাস, সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলবে সুইজারল্যান্ড।
“আমরা খুবই ভালো একটা বিশ্বকাপ খেলতে চাই। আমি আশাবাদী, আসছে ম্যাচগুলোতে আরও ভালো খেলতে পারব আমরা।”