Published : 04 Jul 2026, 06:05 PM
বৈরি আবহাওয়ার কথা চিন্তা করে ইংল্যান্ড ও মেক্সিকোর শেষ ষোলোর ম্যাচটির সূচি বদলাতে চেয়েছিল ফিফা, চউর হয়েছে এমন খবর। পরিবর্তনের আলোচনা হলেও নির্ধারিত সময়েই মাঠে গড়াবে দুই দলের লড়াই।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, খেলোয়াড়দের প্রস্তুতিতে ঘাটতি এবং দর্শকদের যাতায়াত ও লজিস্টিকস ঝামেলার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত সময় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসতেকা স্টেডিয়ামে আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু ইংল্যান্ড-মেক্সিকোর মাঠের লড়াই।
ফিফা ম্যাচটি ছয় ঘণ্টা এগিয়ে আনার পরিকল্পনা করেছিল, এমন খবর বের হয়। তবে শেষ পর্যন্ত সেসবের কিছুই হচ্ছে না আপাতত।
আসতেকায় গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় একুয়েডরের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ খেলে মেক্সিকো। স্বাগতিকদের ২-০ গোলে জেতা ওই লড়াই বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়।
তার আগে গত ২২ জুন ইরাকের বিপক্ষে ফ্রান্সের গ্রুপ পর্বের ম্যাচটিও বজ্রপাতের কারণে ৩০ মিনিটের জন্য স্থগিত রাখা হয়। মূলত এই আবহাওয়া নিয়ে ভাবনা থেকেই মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের সময় পরিবর্তনের কথা ভাবা হয়েছিল।