Published : 04 Jul 2026, 09:06 AM
বিশ্বকাপের সেমি-ফাইনালে দেখা হতে পারে স্পেন ও ফ্রান্সের। সম্ভাব্য সেই দ্বৈরথ নিয়ে এখন থেকেই জমে উঠেছে কথার লড়াই। ‘স্পেনের চেয়ে ফ্রান্স ভালো নয়’, লামিন ইয়ামালের এমন মন্তব্যের পর চুপ থাকতে পারেননি জুল কুন্দে। ক্লাব সতীর্থের খোঁচার পাল্টা জবাবে ফরাসি ডিফেন্ডার বলেছেন, ‘কথাটা মনে থাকবে।’
বার্সেলোনায় একসঙ্গে খেলেন কুন্দে ও ইয়ামাল। বিশ্বকাপের শেষ চারে স্পেন ও ফ্রান্সের দেখা হলে, এই দুইজন খেলবেন প্রতিপক্ষ হিসেবে। স্প্যানিশ তারকাকে থামানোর দায়িত্বও পড়তে পারে কুন্দের কাঁধে।
স্পেন ও ফ্রান্স; দুই দলই এবারের বিশ্বকাপের ফেভারিট। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে দুর্বার গতিতে ছুটছে ফরাসিরা। এখন পর্যন্ত সামনে আসা কোনো দলকেই দাঁড়াতে দেয়নি কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলেরা। শেষ ষোলোয় জায়গা করে নেওয়া গত দুই আসরের ফাইনালিস্টদের থামানো অসম্ভব মনে করছেন অনেকেই।
সেই হিসেবে স্পেনের শুরুটা ভালো হয়নি। গ্রুপ সেরা হলেও, প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা পারফরম্যান্স দিয়ে। তবে ছন্দ পেতে শুরু করেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ বত্রিশে বৃহস্পতিবার অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশরা।
ফ্রান্স এখন পর্যন্ত প্রতিরোধ্য হলেও, তাদেরকে স্পেনের চেয়ে ভালো মনে করেন না ইয়ামাল। তার এই মন্তব্যে জবাবে কুন্দে বলেন, “স্পেনের বিপক্ষে খেলা গত কয়েকটি ম্যাচ আমাদের প্রত্যাশা মতো হয়নি। (ইয়ামালের) এই মন্তব্য আমরা মনে রাখব, অন্তত আমি তো রাখবই।”
ইয়ামালকে খুব কাছ থেকে দেখতে পারায়, তার সম্পর্কে খুব ভালো করেই জানেন কুন্দে।
“আমি জানি সে খুব অসাধারণ একজন খেলোয়াড়, দারুণ উচ্চাকাঙ্ক্ষী এবং নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করে।”
বিশ্বকাপের ফেভারিটের তকমার চাপ অনুভব না করার কথাও বলেছেন কুন্দে।
“কোনো প্রতিযোগিতায় ফেভারিট হওয়া গুরুত্বপূর্ণ কিছু নয়। এসব নিয়ে আমি একদমই ভাবি না।”
স্পেনের চেয়ে ফ্রান্স এগিয়ে কি না, ‘এল পার্তিদাজো দে কোপে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নে ১৮ বছর বয়সী ইয়ামাল বলেছিলেন, “ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাহলে ওরা আমাদের চেয়ে ভালো হয় কী করে?”
কয়েক ঘণ্টা পরে স্পেনের অনুশীলন শিবিরে কথা বলার সময় অবশ্য একটু ভিন্ন সুরে নিজের মতামত জানান ইয়ামাল।
“গ্রুপ পর্বের পারফরম্যান্স দিয়ে কিছুই প্রমাণ করে না, জার্মানির দিকেই তাকান। ফ্রান্স অত্যন্ত উচ্চমানের ফুটবল খেলছে, তারা দারুণ ফর্মে আছে এবং তাদের দলে চমৎকার সব খেলোয়াড় আছে। তবে আমার মনে হয় না, তারা বাকিদের চেয়ে ওপরে। আমার কাছে কোনো দলই কারও চেয়ে এগিয়ে বা পিছিয়ে নেই।”