Published : 19 Jun 2026, 06:11 PM
শুরুটা নড়বড়ে হলেও ব্রাজিল তো ব্রাজিলই। হাইতির বিপক্ষে পরিষ্কার ‘ফেভারিট’ বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে, ভড়কে যাচ্ছে না হাইতি। পাঁচ দশকের বেশি সময় পর বিশ্বকাপে ফেরা দলটির কোচ সেবাস্তিয়েঁ মিনিয়ে বললেন, স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ফিলাডেলফিয়ার সবুজে নামবে তার দল।
উত্তর আমেরিকা বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে, বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে দুই দল। মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে গ্রুপ পর্ব ব্রাজিলের শুরুটা হয়েছে বিবর্ণ। হাইতিও হেরে এসেছে স্কটল্যান্ডের কাছে, ১-০ গোলে।
শক্তি, ইতিহাস, ঐতিহ্য-কোনো দিকেই তুলনা চলে না দুই দলের। ব্রাজিল যেখানে বৈশ্বিক ফুটবলের পরাশক্তি, হাইতি সেখানে ১৯৭৪ সালের পর এই প্রথম খেলছে বিশ্বকাপে।
ফুটবলে অবশ্য ইতিহাসের মূল্য কিঞ্চিৎ। নিজেদের দিনে যে কেউ লিখে ফেলতে পারে দুর্দান্ত গল্প। ব্রাজিল ম্যাচ সামনে রেখে, হাইতি কোচের ভাবনাতেও উঁকি দিচ্ছে এমন স্বপ্ন।
“স্কটল্যান্ড ম্যাচে আমরা যতখানি দৌড়েছি, তার থেকেও বেশি ছুটতে হবে ব্রাজিল ম্যাচে। এ ধরণের ম্যাচে কিছু অর্জন করতে, আমরা আগামীকাল সবটুকু ঢেলে দিব। সবশেষ বিশ্বকাপ খেলার ৫২ বছর পর, আমরা এই মঞ্চে ফিরে এসেছি-সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে ছুটতেই হবে আমাদের।”
“এখানে থাকতে পারাটা সম্মানের এবং আমি আশা করি, আমরা এমন কিছু করব, যেন হাইতির মানুষ আমাদের নিয়ে গর্বিত হয়।”
শুরুর হারের হতাশা এখন আর মনে রাখতে চাইছেন না মিনিয়ে। পরের ধাপে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই তিনি নামবেন ব্রাজিলের বিপক্ষে।
“আমরা স্কটল্যান্ডকে হারাতে পারিনি, কিন্তু আমরা দেখিয়েছি যে, আমরা এখানে থাকার যোগ্য। আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি…লক্ষ্য হচ্ছে, পরের ধাপে যাওয়ার যোগ্যতা অর্জনের চেষ্টা করা। নিজেদের একটা ভালো ভাবমূর্তি তুলে ধরা- সম্ভবত, তৃতীয় দল হিসেবে।”
ব্রাজিলের বিপক্ষে কখনও জেতেনি হাইতি। দুই দলের সবশেষ দেখার স্মৃতিও তাদের জন্য সুখের নয় মোটেও। ২০১৬ সালের কোপা আমেরিকার ম্যাচে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। তবে, মিনিয়ে মনে মনে কষছেন স্বপ্ন পূরণের ছক।
“যদি আমরা ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচ জিতি, তাহলে সেটা হাইতিতে চরম এক পাগলাটে উন্মাদনা তৈরি করবে।”
“যখন আপনি একজন হাইতিয়ান, সহজের চেয়ে কঠিন সময়ের মুখোমুখি বেশি হবেন। কিন্তু যখন আপনি ফুটবলের বিশ্ব মঞ্চে আসবেন, এমন মুহূর্তের স্বপ্নই দেখবেন-বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়ার।”