Published : 21 Jun 2026, 08:28 AM
স্পেনে রাজধানীর মানুষদের একজোট হয়ে দেশের খেলা দেখার আশার গুঁড়ে বালি ঢেলে দিয়েছে বিরূপ আবহাওয়া। আটলান্টায় স্পেন যখন সৌদি আরবের মুখোমুখি হবে শীতাতপ নিয়ন্ত্রিণ মাঠে, তখন মাদ্রিদের তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ কারণে, ফ্যান জোনের কার্যক্রম বাতিল করে দেওয়া হয়েছে। ফলে, ঢাউস পর্দায় ইয়ামাল-পেদ্রিদের খেলা দেখার সুযোগ পাবেন না সমর্থকরা।
উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় সৌদি আরবের মুখোমুখি হবে স্পেন। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।
এবারের বিশ্বকাপের ‘ফেভারিট’ দলগুলোর একটি স্পেন। বরাবরের মতো, সমর্থকদের জন্য ফ্যান জোনে বড় পর্দায় দলের খেলা দেখার আয়োজন করা হয়েছিল।
রাজধানীর প্লাজা দে কোলন স্প্যানিশ সমর্থকদের মিলনস্থলে পরিণত হয়। ফ্যান জোনের নাম দেওয়া হয় প্লাজা সেলেকসিওন, এখানে বিশ্বকাপের ম্যাচগুলো বড় পর্দায় দেখতে পারতেন সমর্থকেরা।
কেপ ভার্দের বিপক্ষে ড্র ম্যাচটিও স্প্যানিশ অনেক সমর্থক এখানে এসেই উপভোগ করেছেন। কিন্তু রোববার সেই সুযোগ পাবেন না তারা।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ফ্যান জোনের সকল কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকদের গরম এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে তারা।
“সমর্থকদের সুসজ্জিত ও শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে থেকে ম্যাচটি দেখার এবং দীর্ঘক্ষণ গরমে থাকা এড়িয়ে চলার এবং জরুরি ও বেসামরিক সুরক্ষা সেবাগুলোর সমস্ত নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”
অবশ্য আটলান্টায় ইয়ামাল-পেদ্রিদের খেলা দেখতে যাওয়া ফুটবলপ্রেমীদের এই দুঃশ্চিন্তার কারণ নেই। কেননা, স্টেডিয়ামের ছাদ বন্ধ থাকবে এবং শীতাতপ নিয়ন্ত্রণের ফলে মাঠের ভেতরেও তাপমাত্রাও থাকবে সহনীয় পর্যায়ে।