২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেস নিয়ে প্রশ্নে রোনালদো বললেন, ‘আমার ম্যাচ দেখেননি’

সমালোচকদের উদ্দেশ্যে যেন ‘বিশ্বকাপে দেখিয়ে দেওয়ার’ পাল্টা হুমকি ছুঁড়লেন পর্তুগিজ মহাতারকা।

ফিটনেস নিয়ে প্রশ্নে রোনালদো বললেন, ‘আমার ম্যাচ দেখেননি’
অনুশীলনে পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 09:51 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

দলের বিশ্বকাপ প্রস্তুতির শেষ দুটি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো; কিন্তু পারফরম্যান্সে আলো ছড়াতে পারেননি তিনি। নষ্ট করেছেন অনেক সুযোগ। ফলে মূল পর্বে তিনি কতটা কার্যকর হতে পারবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের উদ্দেশ্যেই যেন ‘বিশ্বকাপে দেখিয়ে দেওয়ার’ পাল্টা হুমকি ছুঁড়লেন পর্তুগিজ মহাতারকা। 

চিলির বিপক্ষে গত শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে জয়ের ম্যাচে বিরতির পর রোনালদোকে আর মাঠে নামাননি পর্তুগাল কোচ। পরের ম্যাচে গত বুধবার নাইজেরিয়ার বিপক্ষেও একই স্কোরলাইনে জয় পায় পর্তুগাল এবং ওই ম্যাচে এক ঘণ্টার একটু বেশি সময় খেলে তিনটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন অধিনায়ক, যা তীব্র সমালোচনার জন্ম দেয়।

এমনকি তার ওই পারফরম্যান্সের পর আবারও সমালোচকদের অনেকে বলতে শুরু করে, রোনালদোকে ছাড়াই এই পর্তুগাল দল বেশি ভালো। তার ফিটনসে নিয়েও অনেকে শঙ্কা প্রকাশ করেছে।

দেশে ওই দুই প্রীতি ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শুক্রবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, “শারীরিকভাবে? আমি ভালো আছি… আমার খেলা আপনারা দেখেননি।”

দলের প্রস্ততি নিয়ে সন্তোষ প্রকাশ করেন পর্তুগাল অধিনায়ক। একই সঙ্গে মূল লড়াইয়ে নিজের মতো করেই দুর্দান্ত কিছুর প্রতিশ্রুতি দিয়ে রাখলেন তিনি।

“(অনুশীলন) ভালো হয়েছে, তবে ক্লান্তিকর ছিল, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি।”

“ম্যাচগুলোয় আমরাই আধিপত্য করেছি। তবে আসল বিষয় হলো, আগামী ১৭ জুন যখন (আমাদের) ম্যাচ শুরু হবে, প্রথম ম্যাচে এবং চাপ সত্যিকার অর্থে বাড়তে থাকব… সেই সময় আমরা সত্যিকারের চ্যাম্পিয়নদের দেখব।”

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক রোনালদো, ২২৭ ম্যাচে ১৪৩ গোল করেছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন তিনি, জাতীয় দলে যোগ দেওয়ার আগে আল নাস্‌রের হয়ে পেয়েছেন সৌদি প্রো লিগে প্রথম শিরোপার স্বাদ।

এত এত সাফল্যের ভীড়ে তার ক্যারিয়ারে রয়ে গেছে বড় এত অপূর্ণতাও। কখনও জিততে পারেননি বিশ্বকাপ। পর্তুগালও কখনও বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায়, ৪১ বছর বয়সে এসে নিজের ও দেশের আরাধ্য স্বপ্নপূরণের শেষ চেষ্টায় নামতে যাচ্ছেন রোনালদো।

পর্তুগাল কি এবার পারবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে- এমন প্রশ্নে রোনালদো বললেন, “(টুর্নামেন্টের) শেষেই আমরা তা জানতে পারব।”

“আমরা সেই লক্ষ্যে মুখিয়ে আছি; আমরা জানি বিশ্বকাপ সবসময়ই একটা স্পেশাল টুর্নামেন্ট, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো। তাই আমরা অনেক আশা নিয়ে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।”

আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে পর্তুগালের। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।