Published : 07 Jul 2026, 09:15 PM
রুদ্ধশ্বাস লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে ড্রেসিং রুমে যেভাবে বাঁধনহারা উল্লাসে মাতে ইংল্যান্ড, সেটা ভালো লাগেনি ওয়েইন রুনির। বিশ্বকাপে এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ, উত্তরসূরিদের সেটা স্মরণ করিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক বলেছেন, একটু বেশিই তাড়াতাড়ি হয়ে গেছে কেইন-রাইসদের উদযাপন।
তবে রুনির সঙ্গে একমত নন সাবেক স্প্যানিশ ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতা। তার মতে, এমন একটি জয়ের পর মুহূর্তটা উপভোগ করা উচিত সবার।
লড়াইটা ছিল কোয়ার্টার-ফাইনালে ওঠার। সেখানে কেবল মাঠের প্রতিপক্ষই নয়, আরও অনেক প্রতিকূলতার সঙ্গে লড়তে হয় ইংল্যান্ডকে। ঐতিহাসিক আসতেকার উচ্চতার পাশাপাশি স্বাগতিক দর্শকদের তৈরি করা বৈরী পরিবেশ ইংলিশদের জন্য ছিল বড় বাধা।
এসবের সঙ্গে যোগ হয় ম্যাচের শেষ ৪৮ মিনিট একজন কম নিয়ে খেলার চ্যালেঞ্জ। ৫৪তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কুয়ান্সা সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে, কণ্টকাকীর্ণ পথ মাড়িয়ে ৩-২ গোলে জিতে শেষ আটে জায়গা করে নেয় ইংল্যান্ড।
৪০ বছর পর আসতেকায় খেলার উপলক্ষটি জয়ে রাঙিয়ে মাঠেই উল্লাসে ফেটে পড়ে পুরো দল। পরে ড্রেসিং রুমেও চলে তাদের উদযাপন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ইংল্যান্ড। সেখান দেখা যায়, কোচ টমাস টুখেলসহ ড্রেসিং রুমে আনন্দ করছেন কয়েকজন। ওই সময় ডিফেন্ডার জন স্টোন্স কাঁধে চোট পাওয়ার ভান করে টুখেলকে বোকা বানানোর চেষ্টা করছেন। পরে সবাই একসঙ্গে উল্লাস করতে শুরু করেন।
বিবিসি পোস্ট-ম্যাচ অনুষ্ঠানে, ড্রেসিং রুমে ইংল্যান্ড দলের এমন উদযাপন নিয়ে কিছুটা অসন্তোষ ঝরে রুনির কণ্ঠে।
“আমি একটু বেশি সেকেলে। কোনো কিছু জেতার পর... জানি, সেটা উপভোগ করা উচিত। তবে আমার মনে হয়, এই উদযাপন একটু বেশিই তাড়াতাড়ি হয়ে গেছে।”
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেলসির গ্রেট ফুটবলার আসপিলিকুয়েতা। রুনির সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, জীবন ও ফুটবল- দুই জায়গায়তেই ছোট ছোট সাফল্যের মুহূর্তগুলো উপভোগ করা উচিত।
“খেলোয়াড় হিসেবে যখন আপনি স্বাগতিকদের বিপক্ষে, এমন আবহে, এইরকম একটি ম্যাচ খেলবেন, তখন (জিতলে) সেটা উপভোগ করতেই হবে। জীবন মানে ভারসাম্য, ফুটবলও ভারসাম্যের খেলা, উপভোগ করতে হবে। এখন তারা ধকল কাটিয়ে ওঠার জন্য বিশ্রাম নেবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হবে।”
মেক্সিকোর ‘দুর্গ’ হিসেবে পরিচিত আসতেকায় বিশ্বকাপে স্বাগতিকদের হারানো প্রথম দল ইংল্যান্ড। সব মিলিয়ে, ম্যাচ শেষে আবেগের বিস্ফোরণ ঘটে ইংলিশদের মধ্যে। অধিনায়ক হ্যারি কেইন মাঠে আসা সমর্থকদের সঙ্গে এতটাই চিৎকার করে উল্লাস করেছিলেন যে, তার গলাই বসে গেছে।
শেষ আটে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় ৩টায় (এএম) নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে উঠেছে নরওয়ে।