Published : 18 Jun 2026, 06:47 PM
নতুন মৌসুম শুরুর আগে রক্ষণে আরও শক্তি বাড়িয়েছে রেয়াল মাদ্রিদ। ফ্রি টান্সফারে ইউরোপের সফলতম দলটিতে যোগ দিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।
দেশের হয়ে এখন বিশ্বকাপে খেলছেন ২৭ বছর বছর বয়সী এই খেলোয়াড়। অ্যানফিল্ডে তাকে ধরে রাখতে পারেনি লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি নতুন চুক্তি করতে না পারায় ফ্রি ট্রান্সফারেই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে পেয়েছে রেয়াল।
মাদ্রিদের ক্লাবটি বৃহস্পতিবার জানিয়েছে, ২০৩০ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকবেন কোনাতে।
২০২১ সালে আরবি লাইপজিগ থেকে লিভারপুলে যোগ দেন কোনাতে। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে পাঁচ মৌসুমে ১৮৩ ম্যাচ খেলেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অধিনায়ক ভার্জিল ফন ডাইকের সঙ্গে গড়েন দারুণ এক জুটি।
লিভারপুলের হয়ে দুটি লিগ কাপ, এফ এ কাপও জিতেছেন কোনাতে।
জোসে মরিনিয়ো দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে রেয়ালে যোগ দিলেন কোনাতে। অন্য দুই জন মার্ক কুকুরেইয়া ও বের্নার্দো সিলভা।