Published : 10 Jul 2026, 10:09 PM
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কুকুরের হামলায় এক দিনে নারী ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
আহতদের মধ্যে রয়েছেন- রাবেয়া আক্তার (১০), মনিরা বেগম (৪৫), বেল্লাল (১০), সাহেব আলী (৬৫), আতাই (২), আরাফাত (৬), আয়ান (৫), আল-আমিন (৪৩), মিনারা বেগম (৬০), জিদনী (২৫), তাওহীদ (২৪), সোহাগ মোল্লা (৪০), প্রত্যয় (২), বিউটি (৪০), রুনু বেগম (৪৫), শাহানুর (৩৭), জান্নাত (৪), মিলন (২৪), নুপুর (৪২), সালমা (৩৫), সেলিনা (৩০), মনজু হালদার (৪৮), হাফিজুল (৩৬), সরোয়ার হোসেন (৩৮), মাসুমা (৫৫) ও পারুল বেগম (৬০)।
আহতরা বলেন, বিকালে একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ আক্রমণাত্মক হয়ে পথচারীদের কামড়ানো শুরু করে। সামনে যাকে পেয়েছে তাকেই কামড়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. মাহামুদুল হাসান বলেন, “২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলাতঙ্কের ঝুঁকি থাকায় সবাইকে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”