Published : 20 Jul 2026, 08:16 AM
এই দল নিয়ে জিতেছিলেন ইউরো, এবার জিতলেন বিশ্বসেরার মুকুট। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর, ইয়ামাল-তরেসদের প্রশংসায় ভাসালেন লুইস দে লা ফুয়েন্তে। অবশ্য, অতিরিক্ত সময় পর্যন্ত নয়, ম্যাচের ভাগ্য আরও আগেই নিশ্চিত হয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন স্পেন কোচ।
মেটলাইফ স্টেডিয়ামে ১০৬তম মিনিটে করা ফেররান তরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। ম্যাচজুড়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে রেখে জিতেছে ‘লা রোজা’রা।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচ অপরাজিত থাকল স্পেন, আন্তর্জাতিক ফুটবলে যা নতুন রেকর্ড। মুঠোভরে পাওয়ার পর শিষ্যদের প্রচেষ্টা, নিবেদনের প্রশংসায় পঞ্চমুখ হলেন ৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তে; যিনি নিজেও সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে গড়েছেন বিশ্বকাপ জয়ের কীর্তি।
“আমি এই প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে ভীষণ গর্বিত। তারা এই দর্শন নিয়ে বেড়ে উঠেছে, এর প্রতি বিশ্বস্ত থেকেছে, এমনকি এর উন্নতিসাধন করেছে এবং একটি দল ও পরিবার হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে- এই ছেলেরা চমৎকার, অসাধারণ প্রতিভাসম্পন্ন বিশ্বমানের খেলোয়াড়। আমি আপ্লুত। পেছন ফিরে তাকালে এবং এই ছেলেদের নিয়ে ভাবলে, আমরা সবকিছু জিতেছি, এই প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে সত্যিই সবকিছু জিতেছি আমরা।”
মাত্র ১ গোল হজম করে বিশ্বকাপ শেষ করল স্পেন। অথচ, ফাইনালে প্রতিপক্ষ দলের আক্রমণভাগে ছিলেন লিওনেল মেসির মতো মহাতারকা, গত ম্যাচগুলোয় যিনি গোল করেছিলেন ৮টি। কিন্তু পুরো ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগকে নিস্ক্রিয় করে রেখে আক্রমণের ঢেউ তুলে দেয় স্পেন।
নির্ধারিত সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে আর্জেন্টিনা পরিণত হয় ১০ জনের দলে। এরপর অতিরিক্ত সময়ে এসে জালের দেখা পায় স্পেন। তবে, দলটির কোচ দে লা ফুয়েন্তের মনে হচ্ছে, গোল তাদের পাওয়া উচিত ছিল আরও আগেই।
“ম্যাচের নিষ্পত্তি আরও আগেই হয়ে যাওয়া উচিত ছিল…কিন্তু এটা বিশ্বকাপ ফাইনাল এবং এমনকি ১০ জনের দলের বিপক্ষেও আপনাকে শেষ পর্যন্ত লড়তে হবে। আমরা সবকিছুর জন্যই প্রস্তুত ছিলাম।”