২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ‍্যাম্পিয়ন স্পেন

20 Jul 2026, 04:33 AM

লাইভ ব্লগের সমাপ্তি

আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

20 Jul 2026, 04:14 AM

স্পেনের বিশ্ব রেকর্ড

চলতি আসরে স্পেন কেবল একটি গোল হজম করেছে। সবচেয়ে কম গোল হজম করে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ফ্রান্স, ইতালি ও স্পেন যথাক্রমে ১৯৯৮, ২০০৬ ও ২০১০ সালে শিরোপা জয়ের পথে সবচেয়ে কম দুটি করে গোল হজম করেছিল।

ফাইনালে স্পেনের গোলরক্ষক উনাই সিমনের কোনো সেভ করতে হয়নি। আর্জেন্টিনার কেউ লক্ষ‍্যে কোনো শট রাখতে পারেনি।

20 Jul 2026, 04:13 AM

লাল কার্ড দেখলেন পারেদেস

ফাইনালে হেরে মেজাজ হারালেন লেয়ানদ্রো পারেদেস। এর মাশুল দিলেন তিনি লাল কার্ড দেখে।

কয়েক জনের দিকে কিছু একটা ছুঁড়ে মারেন পারেদেস। তবে কোচ লিওনেল স্কালোনি ও অন‍্যদের হস্তক্ষেপে ঘটনা বেশি দূর এগোয়নি।

20 Jul 2026, 04:13 AM

তরেসের গোলে বিশ্ব চ‍্যাম্পিয়ন স্পেন

স্পেনের বিপক্ষে লড়াইও করতে পারতে পারল না অতিরিক্তি সময়ের পুরোটা ১০ জন নিয়ে খেলা আর্জেন্টিনা। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে গত আসরের চ‍্যাম্পিয়নদের হারিয়ে দিল ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নরা।

অতিরিক্ত সময়ে ম‍্যাচের একমাত্র গোলটি করেছেন ফেররান তরেস। এটি তাদের দ্বিতীয় শিরোপা, প্রথমটি জিতেছিল ২০১০ সালে।

ম‍্যাচে ২০ শট নিয়ে ১২টি লক্ষ‍্যে রাখে স্পেন। শেষ দিকে কোনোমতে দুটি শট করতে পারে আর্জেন্টিনা। এর একটিও লক্ষ‍্যে ছিল না।

20 Jul 2026, 03:55 AM

সময় ফুরিয়ে আসছে আর্জেন্টিনার

গোল পরিশোধের সময় ক্রমেই ফুরিয়ে আসছে আর্জেন্টিনার। টুকটাক আক্রমণ করতে পারছে তারা। কিন্তু স্পেনের জমাট রক্ষণ ভেঙে উনাই সিমনের ধারে কাছে যেতে পারছে না তারা। 

20 Jul 2026, 03:52 AM

সমতা ফেরানোর চেষ্টাও করতে পারছে না আর্জেন্টিনা

গোলের কোনো সুযোগই তৈরি করতে পারছে না আর্জেন্টিনা। বল দখলে রাখতে পারছে না তারা। 

১১৩তম মিনিটে আবার জালে বল পাঠান ফেররান তরেস। তবে বার্সেলোনা ফরোয়ার্ড নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল।

20 Jul 2026, 03:45 AM

তরেসের গোলে এগিয়ে স্পেন

বাই লাইন থেকে ফ্লিক করলেন নিকো উইলিয়ামস। খুব কাছ থেকে গতিময় শটে জাল খুঁজে নিলেন অরক্ষিত ফেররান তরেস। শিরোপার পথে এগিয়ে গেল স্পেন। 

20 Jul 2026, 03:42 AM

১৫ মিনিটের খেলা বাকি

অতিরিক্তি সময়ের প্রথমার্ধেও কোনো গোল পেল না স্পেন। খেলা বাকি আর ১৫ মিনিট এবং যোগ করা সময়।

একের পর এক আক্রমণ করছে স্পিন। ১০ জন নিয়ে কোনোমতে রক্ষণ সামাল দিচ্ছে আর্জেন্টিনা। স্পেনের রক্ষণের ধারেকাছেও যেতে পারছে না তারা।

20 Jul 2026, 03:34 AM

জালে বল পাঠিয়েও গোল পেল না স্পেন

৯৫তম মিনিটে জালে বল পাঠালেন নিকো উইলিয়ামস। কিন্তু ডি বক্সে নিকোলাস ওতামেন্দি ফাউলের শিকার হওয়ায় গোল পেল না স্পেন। 

কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের সুপার সাব মিকেল মেরিনো এখানেও বদলি নেমে ব্যবধান গড়ে দিতে পারতেন। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে ভালো পজিশনে সতীর্থের ক্রস পান তিনি, তবে তার হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি ।

20 Jul 2026, 03:31 AM

থামছে না স্পেনের আক্রমণের ঢেউ

৯৩তম মিনিটে নিকো উইলিয়ামসের হেড ঠেকিয়ে ব‍্যবধান ধরে রাখলেন এমিলিয়ানো মার্তিনেস। তবে স্পেনের আক্রমণের ঢেউ যেন থামছেই না।

20 Jul 2026, 03:24 AM

আর্জেন্টিনার অনাকাঙ্ক্ষিত প্রথম

নির্ধারিত সময়ে গোলের জন্য একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালে ৯০ মিনিটে একটিও শট নিতে ব্যর্থ হওয়া প্রথম দল তারাই।

 

20 Jul 2026, 03:21 AM

অতিরিক্ত সময়ে গড়াল শিরোপা লড়াই

ম্যাচের শুরু থেকে নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত একই ধারায় এগিয়ে চলল খেলা। আর্জেন্টিনাকে পুরোপুরি চেপে ধরে আক্রমণ চালাল তারা, আর ঘর সামলাতে ব্যস্ত সময় কাটল শিরোপাধারীদের।

৬৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ১৫ শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। আর আর্জেন্টিনা নিতে পারেনি কোনো শট।
৯০ মিনিটে ফাউলও হয়েছে অনেক; আর্জেন্টিনা ১৯টি, স্পেন ১৩টি।

আর্জেন্টিনার তিন জন খেলোয়াড় দেখেছেন হলুদ কার্ড, স্পেনের কেউ কার্ড দেখেননি।

আর্জেন্টাইনদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা যোগ করা সময়ে এন্সো ফের্নান্দেসের বহিষ্কার হওয়া। বাকি সময় তাদের খেলতে হবে ১০ জন নিয়ে।  
স্পেন কর্নার পেয়েছে ৯টি, আর্জেন্টিনা একটি।

20 Jul 2026, 03:16 AM

লাল কার্ড দেখলেন ফের্নান্দেস

যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন এন্সো ফের্নান্দেস। ম‍্যাচর বাকি সময় একজন কম নিয়ে খেলতে হবে আর্জেন্টিনার। 

বলের দখলের জন‍্য ছুটে যান এই মিডফিল্ডার। কিন্তু বলে পা ছোঁয়াতে পারেননি তিনি। ফাউল করে বসেন পাউ কুবার্সিকে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। কিছুক্ষণ তর্ক করে মাঠ ছাড়েন ফের্নান্দেস। বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখা ষষ্ঠ ফুটবলার তিনি।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিকে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন লামিন ইয়ামাল।কিন্তু ঝাপিয়ে পড়ে ঠেকান এমিলিয়ানো মার্তিনেস।

20 Jul 2026, 03:09 AM

যোগ করা সময় চার মিনিট

গোলের জন‍্য মরিয়া স্পেন। সুযোগও আসছে কিন্তু কাজে লাগাতে পারছে না ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নরা। পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা। 

20 Jul 2026, 02:59 AM

স্পেনের দুটি সুযোগ হাতছাড়া

দুটি চমৎকার সুযোগ পেল স্পেন। কাজে লাগাতে পারল না কোনোটাই। ডি বক্সের বাইরে থেকে পেদ্রির শট ঠিকঠাকই ফেরান এমিলিয়ানো মার্তিনেস। তবে পাউ কুবার্সির শট ঠেকাতে গিয়ে তালগোল পাকান তিনি। কিন্তু ভাগ‍্য ভালো তার। জালে যায়নি বল।

৮০তম মিনিটে কর্নারে দারুণ পজিশনে হেড করার সুযোগ পান এমরিক লাপোখ্ত। প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে হেড করলেও, সেটাও ছিল দুর্বল।

দুই মিনিট পর ফাউলের জন‍্য হলুদ কার্ড দেখেন এন্সো ফের্নান্দেস।

একটু পর আবার আর্জেন্টিনার ডি-বক্সে স্পেনের হানা। মিকেল মেরিনোর থ্রু বল পেয়ে প্রথম ছোয়ায় শট নেন তরেস, তবে সেটা পাশের জাল কাপায়।

20 Jul 2026, 02:53 AM

আর্জেন্টিনার আরও দুটি বদল

২০ মিনিট বাকি থাকতে দুটি বদল করেন লিওনেল স্কালোনি। রদ্রিগো দে পল ও ক্রিশ্চিয়ান রোমেরোকে তুলে জুলিয়ানো সিমেওনে ও ফাকুন্দো মেদিনাকে নামান কোচ।

একটু পরে দুটি পরিবর্তন আনেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। মাঠে নামেন মিকেল মেরিনো ও নিকো উইলিয়ামস। উঠে যান দানি ওলমো ও আলেক্স বায়েনা।

20 Jul 2026, 02:38 AM

মন্তিয়েলের জায়গায় মলিনা

আরেকটি পরিবর্তন আনলেন আর্জেন্টিনা অধিনায়ক। গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নামলেন নাউয়ের মলিনা। 

মিকেল ওইয়ারসাবাল ও ফাবিয়া রুইসকে তুলে ফেররান তরেস ও পেদ্রিকে নামান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

একটু পরে ডি বক্সের বাইরে থেকে দানি ওলমোর শট ঠেকঠাক ফেরাতে পারেননি এমিলিয়ানো মার্তিনেস। ভাগ‍্য ভালো তার বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। 

মাঠে নামার কিছুক্ষণের মধ্যে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগও পান তরেস; তবে ইয়ামালের ক্রস তার হেড জমে যায় মার্তিনেসের গ্লাভসে।

20 Jul 2026, 02:26 AM

হন্সালেসের জায়গায় পারেদেস

বিরতির সময় একটা পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। উইঙ্গার নিকো হন্সালেন্সের জায়গায় নামিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই আর্জেন্টিনার একটি দুর্বল পাসে সুযোগ পেয়েছিল স্পেন। ডি-বক্সের বাইরে থেকে দুর্বল শট নিয়ে মার্তিনেসকে সমস্যায় ফেলতে পারেননি ফাবিয়া বায়েনা।

এক মিনিট পর ম্যাচে প্রথম কর্নার পায় আর্জেন্টিনা, লিওনেল মেসির ওই কর্নারেও তেমন কিছু হয়নি।কাছের পোস্ট পার করতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। 

একটু পরে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন পারেদস। শুরুতে রদ্রিকে পেছন থেকে ধাক্কা দেন তিনি। পরে রেফারির সামনেই ধাক্কা মারেন দানি ওলমোবকে।

20 Jul 2026, 02:21 AM

মঞ্চে শাকিরা

20 Jul 2026, 02:13 AM

হাফটাইম শো

20 Jul 2026, 02:06 AM

ফাইনালে মাঠে নেমে মেসির ৩ কীর্তি

৩৯ বছর বয়সে মাঠে নেমে বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশী বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন আর্জেন্টিনা অধিনায়ক।

তিনটি বিশ্বকাপ ফাইনালে দেশের অধিনায়কত্ব করা প্রথম খেলোয়াড় হলেন মেসি।

এছাড়া, বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে খেলার কীর্তি গড়লেন তিনি। প্রথম জন ব্রাজিলের কাফু।

20 Jul 2026, 01:58 AM

গোল হলো না প্রথমাার্ধে

৬০ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য তিনটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। আর্জেন্টিনা একটিও শট নিতে পারেনি, প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকতেও পারেনি তারা।

প্রথম ৪৫ মিনিটি মোট ১৬টি ফাউল হয়েছে; আর্জেন্টিনা করেছে ৯টি, স্পেন সাতটি।

স্পেন দুটি কর্নার পেয়েছে, আর্জেন্টিনা একটিও পায়নি।

স্পেনের দুটি শট ঠেকিয়ে জাল অক্ষত রেখেছেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

20 Jul 2026, 01:51 AM

প্রথম হলুদ কার্ড

৪১তম মিনিটে মিকেল ওইয়ারসাবালকে পেছন থেকে ফাউল করে ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার সেন্টার ব‍্যাক লিসান্দ্রো মার্তিনেস।

সমস‍্যা অনুভব করায় এর একটু পরেই মাঠ ছাড়েন ম‍্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার। তার জায়গায় মাঠে নামেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি।

20 Jul 2026, 01:46 AM

মার্তিনেসের আরেকটি ভালো সেভ

৩৯তম মিনিটে চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। কিন্তু ডি বক্সের মাথা থেকে এমিলিয়িনো মার্তিনেসকে পরাস্ত করতে পারেননি তিনি। ডাইভ দিয়ে বল গ্রিপে নেন আর্জেন্টিনা গোলরক্ষক।

20 Jul 2026, 01:38 AM

একটুর জন‍্য বাঁচল স্পেন

প্রথম হাইড্রেশন ব্রেক থেকে ফেরার পরই নিজেদের ডি- বক্সের সামনে ভুল করে বসেন পাউ কুবার্সি। গোলরক্ষকের দিকে দুর্বল ব্যাকপাস বাড়ান তিনি, সেই সুযোগে ছুটে যান মেসি; তবে আবার দ্রুত এগিয়ে ক্লিয়ার করে বিপদ হতে দেননি উনাই সিমন।

20 Jul 2026, 01:33 AM

গোলে স্পেনের ১ শট, আর্জেন্টিনার ০

প্রত্যাশিতভাবেই পাসিং ফুটবলের পসরা মেলে মাঠে আধিপত্য ছড়াচ্ছে স্পেন। প্রথম হাইড্রেশন ব্রেকের আগে ৬০ শতাংশে বেশি সময় পজেশন রেখে গোলের জন্য একটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে স্পেন। আর্জেন্টিনা কোনো শট নিতে পারেনি, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগোতেই পারেনি তারা।

20 Jul 2026, 01:24 AM

ওলমোকে ফাউল করলেন মাক আলিস্তের

মাঝমাঠে মাক আলিস্তেরের কড়া চ্যালেঞ্জে হয়তো কিছুটা ব্যথা পেয়েছেন দানি ওলমো। বসে থেকেই রেফারিকে অভিযোগ করেন তিনি, যদিও কার্ড দেখতে হয়নি আর্জেন্টাইন মিডফিল্ডারকে।

ওই ঘটনার পাল্টা জবাবেই যেন, মুহূর্ত পরেই অহেতুক মেসিকে পেছন থেকে কনুই দিয়ে আঘাত করেন অ্যালেক্স বায়েনা। সপ্তদশ মিনিটের ফ্রি কিক কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। 

 

20 Jul 2026, 01:14 AM

মার্তিনেসের দারুণ সেভ

পঞ্চম মিনিটে দারুণ সুযোগ পেয়ে গিয়েছিলেন লামিন ইয়ামাল। দানি ওলমোর কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেলেও এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করতে পারেননি তিনি। ডাইভ দিয়ে বল গ্লাভসে নেন আর্জেন্টিনা গোল রক্ষক।

কয়েক সেকেন্ড পর ফের সুযোগ পান বার্সেলোনা ফরোয়ার্ড। এবার তার শট ব‍্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণে।

প্রতি আক্রমণে ছুটছিলেন লিওনেল মেসি। কিন্তু অনেকটা এগিয়ে এসে ক্লিয়ার করেন উনাই সিমন।

20 Jul 2026, 01:08 AM

খেলা শুরু

শুরু হলো শিরোপা নির্ধারণী ম‍্যাচের মাঠের লড়াই। প্রায়ই একই ঘরানার ফুটবল খেলা দুই দলই চায় বলের দখল। 

দ্বিতীয় মিনিটে হলো প্রথম ফাউল। ফ্রি কিক পেল আর্জেন্টিনা। 

20 Jul 2026, 12:35 AM

আর্জেন্টিনা ৬ স্পেন ৬

১৪

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলেরই জয় সমান ছয়টি করে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপ কিংবা প্রতিযোগিতামূলক ফুটবলে একবারই দেখা হয়েছে দল দুটির। ১৯৬৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচটি ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা

১২

দল দুটির সবশেষ দুই ম্যাচে গোল হয়েছে মোট ১২টি। ২০১০ সালে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জয় পায় ৪-১ গোলে। ২০১৮ সালের প্রীতি ম্যাচে ৬-১ গোলে জেতে স্পেন। হ্যাটট্রিক করেন ইস্কো। চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি লিওনেল মেসি।

আর্জেন্টিনা কোপা আমেরিকারও বর্তমান চ্যাম্পিয়ন। অন্যদিকে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী স্পেন। এই দুটি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়ার ঘটনা এটিই প্রথম।

এই ফাইনালের ঐতিহাসিক তাৎপর্য আছে আরও একটি। ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম (আর্জেন্টিনা) ও দ্বিতীয় (স্পেন) স্থানে থাকা দুটি দলের বিশ্বকাপের যেকোনো রাউন্ডে মুখোমুখি হওয়ার ঘটনাও এটিই প্রথম।

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে (২০১৪, ২০২২ ও ২০২৬) খেলার কীর্তি গড়ার দুয়ারে মেসি। ব্রাজিলের কাফুর (১৯৯৪, ১৯৯৮, ২০০২) পাশে বসবেন তিনি। এছাড়া ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ও হবেন মেসি (৩৯ বছর ২৫ দিন)।

20 Jul 2026, 12:27 AM

রোনালদোর বাজি স্পেন

ব্রাজিলের ফেনোমেনন রোনালদোর বাজি স্পেন। তার মতে স্প্যানিশরা সহজেই জিতবে।

“স্পেন জিতবে এবং সহজেই জিতবে। ফ্রান্সের পাশাপাশি তারা আসরের শুরু থেকেই ফেভারিট ছিল।”

“স্পেন চমৎকার ফুটবল খেলছে। এটা (খেলার ধরন) তাদের ডিএনএ-তে আছে। এমন ঘরানার ফুটবল তারা অনেক বছর ধরে খেলছে, তাদের ফুটবলাররা ছোটবেলা থেকেই এভাবে খেলে আসছে।”

20 Jul 2026, 12:26 AM

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক কেম্পেস এগিয়ে রাখছেন কাকে?

বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আবেগের টানাপোড়েন অনুভব করছেন মারিও আলবের্তো কেম্পেস। তবে তার মতে, এগিয়ে থাকবে আর্জেন্টিনা।

“আর্জেন্টিনা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তিন ম্যাচে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছে। যেটা দেখাচ্ছে, তাদের কষ্ট সহ্য করার এবং ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। স্পেন তাদের ম্যাচগুলো ৯০ মিনিটের মধ্যে শেষ করতে পেরেছে, যদিও দুই ম্যাচে তারা জিতেছে একেবারে শেষ মুহূর্তে। বোঝা যাচ্ছে, হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আমার বিশ্বাস, আর্জেন্টিনা একটু এগিয়ে। কেননা, কীভাবে প্রতিকূলতা কাটিয়ে উঠতে হয়, তারা সেটা জানে।”

20 Jul 2026, 12:09 AM

ট্রাম্পের উপস্থিতির কারণে কড়া নিরাপত্তা

ফাইনাল উপলক্ষে বর্ধিত নিরাপত্তার মধ্যে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রবেশের জন্য সমর্থকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। নিরাপত্তা বাড়ানোর একটি কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফাইনালে উপস্থিত থাকছেন। এটিই চলতি বিশ্বকাপের একমাত্র ম্যাচ, যা তিনি সশরীরে দেখবেন।

ফলে মার্কিন সিক্রেট সার্ভিস এই ম্যাচের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। এতে স্টেডিয়ামে প্রবেশের জন্য সমর্থকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

বিবিসি তাদের প্রতিবেদন লিখেছে, লোকজনকে প্রায় দুই ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়েছে। তবে দীর্ঘ লাইনের পর জানা গেছে, বেশিরভাগ সমর্থকের টিকিট স্ক্যান করতে ও স্টেডিয়ামে প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি।

20 Jul 2026, 12:09 AM

স্পেন অপরিবর্তিত

সেমি-ফাইনালের শুরুর একাদশ নিয়েই খেলতে নামছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পেন একাদশ: উনাই সিমন, পেদ্রো পররো, পাউ কুবার্সি, এমরিক লাপোখ্ত‌, মার্ক কুকুরেইয়া, রদ্রি, ফাবিয়া রুইস, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

20 Jul 2026, 12:01 AM

আর্জেন্টিনা একাদশে ৩ পরিবর্তন

সেমি-ফাইনালের শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন নাউয়েল মলিনা, জুলিয়ানো সিমেওনে ও লেয়ান্দ্রো পারেদেস। একাদশে ঢুকেছেন গঞ্জালো মন্তিয়েল, রদ্রিগো দে পল, নিকোলা হন্সালেস।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, গঞ্জালো মন্তিয়েল, রদ্রিগো দে পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো, এন্সো ফের্নান্দেস, নিকোলা হন্সালেস, আলেক্সিস মাক আলিস্তের, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস।

19 Jul 2026, 11:56 PM

শেষের লড়াইয়ে আর্জেন্টিনা ও স্পেন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বছরের শুরুতে বাতিল হয়ে যাওয়া ফিনালিস্সিমার দুই দল মুখোমুখি বিশ্বকাপ ফাইনাল। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে শিরোপা লড়াইয়ে ইতিহাসে প্রথমবার মুখোমুখি কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ‍্যাম্পিয়ন। এই প্রথম বিশ্বকাপে কোনো ম‍্যাচে মুখোমুখি হচ্ছে র‍্যাঙ্কিংয়ে দুই শীর্ষ দল।

নিউ ইয়র্কে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় ২০ জুলাই ১টায় (এএম)। আর্জেন্টিনার সামনে চতুর্থ এবং স্পেনের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। 

আসরে সব ম‍্যাচ জিতে ফাইনালে এসেছে আর্জেন্টিনা। যে কোনো পরিস্থিতিতে জয়ের পথ বের করে নেওয়ার দারুণ সামর্থ‍্য দেখিয়েছে গত আসরের চ‍্যাম্পিয়নরা। 

কেইপ ভার্ডের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরুর পর কেবলই এগিয়ে চলেছে স্পেন। আসরে এখন পর্যন্ত কেবল একটি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

লাইভ ব্লগে স্বাগত

আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত। আমার সঙ্গে আছেন আব্দুল মোমিন ও আবু হোসেন পরাগ।