Published : 15 Jul 2026, 07:33 PM
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলাদের তালিকায় অবস্থান তৃতীয়। আর্জেন্টিনা দলের অনেক বাকবদলের সাক্ষী হাভিয়ের জানেত্তি বর্তমান দলটিকেও দেখছেন নিবিড়ভাবে। সেই দেখা থেকে, লিওনেল স্কালোনির দলের একটি দিক সাবেক এই ডিফেন্ডারের মনে ধরেছে- ভীষণ প্রয়োজনের সময় এগিয়ে আসা খেলোয়াড়ের উপস্থিতি।
আটলান্টায় বাংলাদেশ সময় ১৬ জুলাই ১টায় (এএম) উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার অভিযানে ছুটছে স্কালোনির দল। ইংল্যান্ড ১৯৬৬ বিশ্বকাপের সুখস্মৃতি ফিরে পেতে উন্মুখ।
সেমি-ফাইনাল বাধা পেরুতে, চলতি বিশ্বকাপে ৮ গোল করা লিওনেল মেসির দিকে বাড়তি প্রত্যাশা থাকবে আলবিসেলেস্তাদের। জানেত্তিও মুগ্ধ চোখে দেখছেন, ৩৯ বছর বয়সকে সংখ্যা বানিয়ে কীভাবে ছুটছেন মেসি! ইন্টার মিলানের এই গ্রেট অবশ্য, পুরো দলের প্রশংসায় হলেন পঞ্চমুখ।
“শীর্ষ মানের খেলোয়াড় থাকা গুরুত্বপূর্ণ এবং আর্জেন্টিনার তা আছে। প্রয়োজনের সময় তারা এগিয়ে আসে। ৩৯ বছর বয়সেও মেসি যা করছে, সে অনন্য, আর্জেন্টিনা কষ্ট সহ্য করতে জানে এবং যখন প্রয়োজন পড়ে, মেসি ছাড়াও শীর্ষ মানের খেলোয়াড়েরা এগিয়ে আসে।”
ইংল্যান্ড ম্যাচের ফল কী হবে, তা সময়ই বলে দিবে। তবে, কাতার বিশ্বকাপের প্রসঙ্গ টেনে জানেত্তি বললেন, এই দলের প্রশংসা প্রাপ্য; আটলান্টার ম্যাচের ফল যা-ই হোক না কেন।
“এই ছেলেরা যা করছে, আমি সত্যিই তার প্রশংসা করি। এই দলটাই কাতারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছিল এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এটা খুবই কঠিন (শিরোপা জেতা)। তবে, ইংল্যান্ড ম্যাচে যা-ই ঘটুক না কেন, এই ছেলেরা যা কিছু করেছে, তার জন্য তাদের হাততালি প্রাপ্য।”