স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা ২৭ অগাস্ট
ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে দেশজুড়ে কেন্দ্রের সংখ্যা হতে পারে ৪৫ হাজারের বেশি।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৭ অগাস্টের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে ইসির এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন সিনিয়র সহকারী সচিব মো.রশিদ মিয়া ।
অক্টোবরে নির্বাচন করার প্রস্তুতির মধ্যে ভোটার তালিকা চূড়ান্তের পর এবার ভোটকেন্দ্র তালিকা করা হচ্ছে।
সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪৩ হাজার কেন্দ্র ছিল। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ৪৫ হাজারেরও বেশি ভোটকেন্দ্র হতে পারে।
ইতোমধ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমাল‘ জারি হয়েছে।
মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে ভোটার এলাকার নাম সুনির্দিষ্টভাবে করে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি-আপত্তি নিষ্পন্ন করে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে হবে।
চিঠিতে বলা হয়েছে, ১০ অগাস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকার উপর দাবি বা আপত্তি নেওয়া হবে ১৮ অগাস্ট পর্যন্ত। দাবি বা আপত্তি নিষ্পত্তি হবে ২৩ অগাস্টের মধ্যে। আর সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ অগাস্ট।
প্রতি স্তরের স্থানীয় নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে ইসি।
নীতিমালা
ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যতদূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসি।
সিনিয়র সহকারী সচিব মো.রশিদ মিয়া বলেন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী সব স্থানীয় সরকার নির্বাচনে গড়ে ২০০০ ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র করতে হবে।
প্রতি ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি এবং প্রতি ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ রাখতে বলা হয়েছে। প্রতিটি ভোটকক্ষে প্রয়োজনে একাধিক গোপন কক্ষ রাখার সুযোগ রয়েছে।
আগে প্রতি ৪০০ জন পুরুষ ভোটারের জন্য এবং ৩০০ থেকে ৩৫০ জন মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকত। এবার ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে।
প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার ভেতরেই একটি করে ভোটকেন্দ্র স্থাপন করতে হবে।
ইউপি, পৌর, উপজেলা ও সিটি করপোরেশন মিলিয়ে সারা দেশে সংসদ নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে ২-৩ হাজার ভোটকেন্দ্র বেশি হবে বলে জানান ইসির এ কর্মকর্তা।
আরো পড়ুন
