Published : 20 Jun 2026, 04:27 PM
জাপান ম্যাচের তেতো অভিজ্ঞতা সুইডেন ম্যাচে ফিরে পেতে চান না রোনাল্ড কুমান। নেদারল্যান্ডস কোচ বললেন, বদলি নামানোর পরিকল্পনায় পরিবর্তন এনে, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন তিনি।
উত্তর আমেরিকা বিশ্বকাপে জাপানের বিপক্ষে শুরুর ম্যাচের দ্বিতীয়ার্ধে, পাঁচটি বদল করেছিলেন কুমান। সামারভিল ছাড়া আর কেউ প্রভাব রাখতে পারেননি তেমন একটা। এ নিয়ে সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছিল কোচকে।
হিউস্টনে বাংলাদেশ সময়, ‘এফ’ গ্রুপের ম্যাচে শনিবার রাত ১১টায় সুইডেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এ ম্যাচের আগে কুমানকে কথা বলতে হলো, জাপানের বিপক্ষে ২-২ ড্র ফল এবং ওই ম্যাচে বদলিগুলো কাজ করা না নিয়েও।
“প্রথমত, জাপান ম্যাচে বদলিদের প্রভাব বা প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না এবং অবশ্যই, এজন্য আমি দায়ী। আমার দিকে আসা সমালোচনা আমি মেনে নেই। এটা কোনো বিষয় নয়।”
“স্টাফদের সাথে কথা বলে, সিদ্ধান্ত নিয়েছিলাম। পরিষ্কারও করেছিলাম, আমি কোন পরিবর্তনটা করতে চাই। উপরে উঠে প্রতিপক্ষকে আরও চাপ দেওয়া উচিত ছিল আমাদের, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এই বার্তাটি আমি ছেলেদের কাছে পৌঁছে দিতে চাই।”
কেবল বদলি নিয়ে নয়, কুমানকে ভাবতে হচ্ছে, ঘরে-বাইরের অনেক দিক নিয়েও। মাঝমাঠের নির্ভরতা ফ্রেংকি ডি ইয়ং পেটের পীড়ায় ভুগছেন। সুইডেনের আক্রমণভাগে ভিক্তর ইয়োকেরেস ও আলেকসান্দার ইসাকের মতো ধারাল জুটির উপস্থিতি তার দুর্ভাবনার কারণ। জাপান ম্যাচে জ্বলে উঠতে না পারা মেম্ফিস ডিপাই কোচের কপালে তুলে রেখেছেন ভাঁজ।
গ্রুপ টেবিলে নেদারল্যান্ডসের অবস্থাও স্বস্তির নয়। তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে শুরু করা সুইডেন আছে শীর্ষে। জাপানের বিপক্ষে ড্র দিয়ে গ্রুপে যাত্রা শুরু করা নেদারল্যান্ডস প্রথম জয়ের খোঁজে।
২০১০ সালের রানার্সআপ দলটির কোচ কুমানের আশা, সুইডেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সর্বোচ্চ গোলদাতা ডিপাই ফিরবেন স্বরূপে। রক্ষণভাগ রুখে দিবে ইয়োকেরেস-ইসাক জুটিকে।
“তারা গতিময়, শক্তিশালী এবং জাল খুঁজে নিতে সক্ষম। আমরাও তাদের উপর দৃষ্টি রাখব, মনোযোগ দেব। কিন্তু আমাদের দৃষ্টি দিতে হবে পুরো সুইডেন দলের উপর। মাঠে তারা ভালো খেলছে।”
“ডিপাই এমন একজন খেলোয়াড়, যে দলে শক্তি যোগ করে। সবসময় সে দলের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের তাকে প্রয়োজন, সুইডেন ম্যাচে সে মাঠে থাকবে।”