Published : 16 Jul 2026, 12:00 AM
মাদারীপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ সময় তার সঙ্গে নয়জন ইউপি সদস্যও ছিলেন।
কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন কবির বুধবার দুপুরে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। ঘোষণার পর তিনি তার সমর্থকদের মিষ্টিমুখ করান।
অমিত হোসেন কবির কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত থেকে মৌখিকভাবে দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন ইউপি সদস্য আমির হোসেন, মো. পায়েল বেপারী, মো. রুহুল হাওলাদার, মো. মিল্টন মিয়া, মো. রফিকুল হাওলাদার, মো. রিন্টু, মো. জসিম, মো. হুমায়ুন কাজী এবং সংরক্ষিত মহিলা সদস্য মোসা. হাওয়া বেগম।
এ সময় দুবারের চেয়ারম্যান অমিত হোসেন কবির বলেন, “জনগণকে সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম। আওয়ামী লীগের আর কোনো পদে আমি নেই।”
তিনি বলেন, “আমাদের ঠাঁই দেওয়ার মত কেউ নাই। এ ছাড়া নিষিদ্ধ দলে থেকে কোনো লাভ নেই।”