Published : 26 Jun 2026, 10:14 PM
এবারের বিশ্বকাপে বেলজিয়ামের এখনও কোনো ম্যাচ জিততে না পারার সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন ব্র্যান্ডন মেখেলা। দলটির ডিফেন্ডারের মনে হচ্ছে, প্রতিপক্ষের তীব্রতার সঙ্গে পেরে উঠছে না তারা। নিউ জিল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবশ্য নিজেদেরকে সবকিছুর জন্য প্রস্তুত মনে করছেন তিনি।
‘জি’ গ্রুপের ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা বেলজিয়াম এখন তৃতীয় স্থানে। মিশর ও ইরানের বিপক্ষে ড্র করেছে তারা। বেশি গোল করায় তাদের সমান ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইরান। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে তাদের আসছে ম্যাচের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে মিশর।
এই গ্রুপের সব দলের সামনেই সুযোগ আছে নকআউটে জায়গা করে নেওয়ার। নিউ জিল্যান্ডের বিপক্ষে জিতলে কোনো যদি-কিন্তু ছাড়াই শেষ বত্রিশে উঠতে পারে বেলজিয়াম। ড্র করলেও থাকবে সুযোগ, তবে তখন মিলতে হবে নানা সমীকরণ।
জয়ের লক্ষ্য নিয়ে শেষ গ্রুপ ম্যাচে শুক্রবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম। বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে থাকা নিউ জিল্যান্ডও যে তাদেরকে ছেড়ে কথা বলবে না ভালো করেই জানেন মেখেলা। তার বিশ্বাস, প্রতিপক্ষের সমান তীব্রতা নিয়ে খেলতে পারলে জেতা কঠিন হবে না বেলজিয়ামের জন্য।
“তাদের সমান তীব্রতা নিয়ে খেলতে হবে। যদি সেটা করতে পারি, তাহলে আমার মনে হয় না (জিততে) কোনো সমস্যা হবে। নিউ জিল্যান্ডের প্রতি সম্মান রেখেই বলছি, কাগজে-কলমে আমরা তাদের চেয়ে অনেক বেশি মানসম্মত দল।”
“আগের ম্যাচে সম্ভবত আমাদের সেই তীব্রতার ঘাটতি ছিল। তবে সেটা ছিল আমাদের জন্য সতর্কবার্তা। আমার মনে হয়, আগামীকালের ম্যাচের জন্য আমরা প্রস্তুত।”
সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝেই কয়েকদিনের জন্য দেশে গিয়েছিলেন জেরেমি ডোকু। এনিয়ে তাকে প্রবল সমালোচনার শিকার হতে হয়েছিল। এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইরানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি।
বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, এখনও পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ডোকু। এছাড়া তাদের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকও পুরো ম্যাচ খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন তিনি।