১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

বিরাজ আলী পালানোর চেষ্টা করলেও স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া দিয়ে তাকে আটক করে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 09:50 AM

Updated : 11 Sep 2026, 03:32 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার চেষ্টার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। 

সোমবার সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক। 

নিহত দুলালি বেগম (৪৫) একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। তার স্বামী বিরাজ আলী (৫৫) গোসাইপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাতে ওসি মোজাম্মেল হক বলেন, সোমবার সন্ধ্যার দিকে বিরাজ আলীর সঙ্গে তার স্ত্রী দুলালী বেগমের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।

“এক পর্যায়ে বিরাজ আলী ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীর বুকে উপর্যপুরি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।” 

এ সময় বিরাজ আলী পালানোর চেষ্টা করলে টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাকে আটক করে।

ওসি মোজাম্মেল আরও বলেন, খবর পেয়ে রাতেই বিরাজ আলীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। থানায় মামলা হয়েছে। 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।