২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার

তাৎক্ষনিকভাবে আট জনকে এবং পরে আরও চারজনকে উদ্ধার করা হয়।

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার
ডুবে যাওয়া এমভি বে হারবার-২

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 04:46 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে ‘এমভি বে হারবার-২' নামে জাহাজটি ডুবে যায়।

লাইটার জাহাজটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ঢাকার দিকে যাওয়ার সময় কর্ণফুলী নদীর ১৮ নম্বর ঘাট এলাকায় জাহাজটির সঙ্গে ‘এমভি সামুদা-৬’ জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে জাহাজের হাল ফেটে পানি প্রবেশের কারণে একপাশে হেলে যায়। কিছুদূর যাওয়ার পর বহির্নোঙরের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি স্থানে পুরোপুরি ডুবে যায়। 

সুজন বলেন, খবর পেয়ে কোস্ট গার্ডের বিসিজি আউটপোস্ট পতেঙ্গার একটি উদ্ধারকারী দল গিয়ে আট জনকে উদ্ধার করে। অপর চার জন স্রোতের টানে পারকীর চরের দিকে ভেসে যায় এবং নিরাপদে তীরে উঠে আসে।

উদ্ধার হওয়া ক্রুদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির।  

চট্টগ্রাম বন্দরের সচিব নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বে হারবার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন লাইটারটি ডুবেছে। বন্দরের চ্যানেল (বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ) নিরাপদ আছে।