Published : 16 Jun 2026, 10:48 AM
হতাশার ড্রয়ে সতর্ক ঘণ্টা বেজে উঠেছে বলে মনে করছেন না স্পেন কোচ দে লা ফুয়েন্তে। শক্তিতে অনেক পিছিয়ে থাকা কেপ ভার্দকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারাতে না পারলেও তাতে খুব বেশি ভাবনার কিছু দেখছেন না তিনি।
আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সোমবার ‘এইচ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয় স্পেন, যার সাতটি ছিল লক্ষ্যে। লক্ষ্যে থাকা সব শট রুখে দেন ভজিনিয়া। কেপ ভার্দ ছয়টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে।
বিশ্বকাপের টপ ফেভারিটদের কাতারে আছে স্পেন। কেপ ভার্দের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে কারও কারও মনে সংশয় জেগেছে। সংবাদ সম্মেলনে স্পেন কোচ দে লা ফুয়েন্তে বললেন, তিন বছরের বেশি সময়ের ধারাবাহিকতায় তাদের মনে কোনো উদ্বেগ নেই।
“একটা দল যারা, ৩০টির বেশি ম্যাচ ধরে অপরাজিত, তাদের কোনো সংশয় থাকা উচিত নয়। সমাধান হলো একই মনোভাব নিয়ে খেলে যাওয়া, আরও নিখুঁত হওয়ার সঙ্গে উন্নতি করে যাওয়া। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু এই ধরনের ম্যাচে যে সতেজতা প্রয়োজন তার ঘাটতি ছিল।”
“তারা খুব ভালোভাবে সংগঠিত ছিল, একটা ইউনিট হিসেবে নিচে নেমে খেলছিল এবং সেখানে জায়গা বের করা খুব কঠিন ছিল।”
চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরেছেন লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। দুই জনকেই দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়েছেন দে লা ফুয়েন্তে।
“লক্ষ্য হলো ধীরে ধীরে তাদের দলে আনা এবং খেলার সময় দেওয়া। আমি নিশ্চিত তারা উন্নতি করবে।”
আগামী রোববার নিজেদের পরের ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে স্পেন।