Published : 16 Jun 2026, 10:51 AM
রেফারি শেষ বাঁশি বাজাতেই স্পেন দলের কেউ হতাশায় নুয়ে পড়লেন, কারও হাত উঠে গেল মাথায়। অন্য দিকে ড্র করেও যেন জয়ের আনন্দে উল্লাস শুরু করলেন কেপ ভার্দের খেলোয়াড়রা। আনন্দে মাতোয়ারা হলেন ভক্তরাও।
আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সোমবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দ। বিশ্বকাপ অভিষেকে এখন পর্যন্ত আসরের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে তারা।
বস্টন ও এর শহরতলি মিলিয়ে যুক্তরাষ্ট্রে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের সবচেয়ে বড় কমিউনিটির বাস। নীল পতাকা নিয়ে তারা খেলা দেখলেন শহরের কেন্দ্রস্থলের একটি ফ্যান জোনে।
১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন এলিজাবেথ দস সান্তোস। ৫০ বছর বয়সী সহকারী ব্যাংক ম্যানেজার চিৎকার করে জানাচ্ছিলেন নিজের প্রতিক্রিয়া।
“ওহ ঈশ্বর, মনে হচ্ছে যেন আমরা বিশ্বকাপ জিতেছি! সবাই মনে করেছিল, স্পেন আমাদের হারাবে। আমরা তাদের ভুল প্রমাণ করেছি। আমরা ছোট কিন্তু আমাদের হৃদয় অনেক বড়।”
২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে দলকে ড্র করতে দেখে ভীষণ গর্বিত ২৮ বছর বয়সী প্রাক-স্কুল শিক্ষক গাবি ভিয়েইরা।
“বিশ্বকাপে এবারই আমরা প্রথম এবং এখানে কোনো প্রত্যাশা নিয়ে আসিনি। আমরা সবসময়ই নিজেদের পতাকা গর্ব নিয়ে বহন করি। তবে আজ এবং এই মাসে সেটা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। কারণ এখন সবাই আমাদের পতাকা দেখবে এবং আমাদের দেশের নাম শুনবে।”
বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দ।