Published : 04 Jul 2026, 09:17 PM
উচ্ছ্বাসের চেয়ে বেশি ছিল স্বস্তি। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ সময়ের মহানাটকীয়তার পর কোনোরকমে জিতে যেন হাঁফ ছেড়ে বেঁচেছিল পর্তুগাল। তবে সেই স্বস্তির স্থায়িত্ব তো খুব বেশি নয়। এখন তাদেরকে ঘিরে শঙ্কা আর দুর্ভাবনার জায়গাই বেশি। আগের ম্যাচে নাহয় উতরে যেতে পেরেছে তারা। এবার যে সামনে স্পেন!
গত বছর স্পেনকে হারিয়েই উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছে পর্তুগাল। তবে তারকায় ঠাসা দল নিয়েও এবারের বিশ্বকাপে যেমন পারফর্ম করছে রবের্তো মার্তিনেসের দল, খুব বেশি আশার জায়গা নেই তাদেরকে নিয়ে। প্রত্যাশার ধারেকাছে দেখা যায়নি তাদের খেলার মান।
এমনিতে শক্তির গভীরতায় দলটির জুড়ি মেলা ভার। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে দলের প্রতিটি পজিশনে দারুণ সব ফুটবলারের ছড়াছড়ি। কিন্তু পারফরম্যান্সে সেটির প্রতিফলন পড়েনি। কেবল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচেই সামর্থ্যের কাছাকাছি দেখা গেছে তাদেরকে। বাকি ম্যাচগুলিতে মোটেও প্রতিপক্ষের জন্য ভীতি জাগানিয়া হতে পারেনি তারা। স্রেফ কোনোরকমে পথ বের করে নিয়েছে।
‘কে’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে ড্র করে কলম্বিয়ার পেছনে থেকে গ্রুপ রানার্স আপ হয় তারা। ক্রোয়েশিয়ার বিপক্ষেও কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত জিতে টিকে থাকতে পেরেছে। তবে পারফরম্যান্স নিয়ে প্রশ্নগুলো উচ্চকিতই হচ্ছে। শেষ করে, তাদের মাঝমাঠের পারফরম্যান্স বিস্ময়ের জন্ম দিচ্ছে।
দুর্দান্ত সব মিডফিল্ডারদের নিয়ে গড়া তাদের মাঝমাঠকে বলা হচ্ছিল বিশ্বের সেরা। কিন্তু ক্লাব মৌসুমে এবার অসাধারণ পারফর্ম করা ব্রুনো ফের্নান্দ্স, ভিতিনিয়ারা জাতীয় দলের জার্সিতে একদমই অচেনা। রক্ষণভাগও নড়বড়ে হয়ে উঠছে মাঝেমধ্যেই। কেবল গোলবারে দিয়োগো কস্তাই ধারাবাহিক।
আক্রমণভাগে রোনালদোর পারফরম্যান্স নিয়েও আছে প্রশ্ন আর সংশয়। উজবেকিস্তানের বিপক্ষে দুটি গোল করেছেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠালেও গোল পাননি মিলিমিটারের জন্য অফসাইড হওয়ায়। পরে তার পেনাল্টিতেই সমতায় ফেরে পর্তুগাল। কিন্তু সব মিলিয়ে তার পারফরম্যান্স খুবই গড়পড়তা। মাঠে অনেক সময় তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি করা হয় পর্তুগাল অধিনায়ককে এবং মাঠ ছাড়ার সময় তাকে খুব সন্তুষ্ট মনে হয়নি। মাঠ ছাড়ার সময় কোচ মার্তিনেসের দিকে শীতল দৃষ্টিতে তাকান তিনি। ৪১ বছর বয়সী ফুটবলারকে নকআউট পর্বে কীভাবে ব্যবহার করা উচিত, সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এটি।
সবচেয়ে যেটা চোখে পড়ার মতো, পর্তুগালের খেলায় সমন্বয়ের অভাব। তাদেরকে যথেষ্ট উজ্জীবিত মনে হয়নি, মরিয়া মনে হয়নি, বোঝাপড়া খুব ভালো মনে হয়নি।
পর্তুগিজ সংবাদপত্র ‘রেকর্ড’ লিখেছে, “জাতীয় দলে আছে এমন একদল ফুটবলার আছে, যারা এখনও সত্যিকারের দল হয়ে ওঠার জন্য সংগ্রাম করছে।”
সমস্যা হলো, এখন সংগ্রামের সময় নয়, ফলাফল দেখানোর সময়। দ্রুত নিজেদের মেলে ধরতে না পারলে পাততাড়ি গুটিয়ে ফেলতে হবে। স্পেনের সামনে তাই কঠিন পরীক্ষা মার্তিনেসের দলের।