Published : 13 Jul 2026, 11:57 AM
নিজের প্রথম বিশ্বকাপে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি লামিন ইয়ামাল। তবে মাঠে যতক্ষণ থাকছেন, প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়াচ্ছেন। স্প্যানিশ তারকার পারফরম্যান্সে সন্তুষ্ট থাকার কথা বললেও, তার কাছ থেকে আরও ভালো কিছুর আশায় আছেন লুইস দে লা ফুয়েন্তে। স্পেন কোচ মনে করছেন, বিশ্ব মঞ্চে এখনও নিজের সেরা ম্যাচটা খেলা বাকি আছে ইয়ামালের।
এবারের বিশ্বকাপে ইয়ামালের শুরুটা সুখকর হয়নি। চোটের কারণে আসরের শুরুর দিকে খুব বেশি সময় খেলতে পারেননি তিনি। কেইপ ভার্ডের বিপক্ষে শেষ দিকে তাকে মাঠে নামান দে লা ফুয়েন্তে। আর সৌদি আরবের বিপক্ষে খেলান কেবল প্রথমার্ধ। ওই ম্যাচেই বিশ্বকাপে গোলের খাতা খোলেন ১৮ বছর বয়সী ইয়ামাল।
এখন পুরোপুরি ফিট ইয়ামাল। সবশেষ দুই ম্যাচেই খেলেছেন পুরো সময়। ছন্দ পেতেও শুরু করেছেন তিনি। সেরা চেহারার ঝলকও দেখাচ্ছেন মাঝেমধ্যে। তবে এখনও স্বরূপে ফিরতে পারেননি এই রাইট-উইঙ্গার।
এখন পর্যন্ত ওই একটি গোলই বিশ্বকাপে ইয়ামালের অর্জন। অ্যাসিস্ট করতে পারেননি একটিও। তবে স্পেনের সেমি-ফাইনালে ওঠার পথে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা অস্বীকার করার উপায় নেই। তাকে আটকে রাখতেই যে প্রতিপক্ষকে দিতে হচ্ছে বাড়তি মনোযোগ। এর সুবিধা পাচ্ছেন স্পেনের অন্য খেলোয়াড়রা।
কাদেনা এসইআর এর একটি অনুষ্ঠানে ফ্রান্সের বিপক্ষে সেমি-ফাইনাল সামনে রেখে একটি সাক্ষাৎকার দেন দে লা ফুয়েন্তে। সেখানেই ইয়ামাল নিয়ে প্রশ্নে নিজের ভাবনা তুলে ধরেন স্পেনের কোচ।
“এই বিশ্বকাপে লামিনের সেরা পারফরম্যান্সটা এখনও আসা বাকি, আপাতত এতোটুকুই বলব। সে ভীষণ অনুপ্রেরণা নিয়ে খেলে, তার দিকে তাকালেই সেটা দেখা যায়। তার ভেতর দারুণ আগ্রহ ও ক্ষুধা কাজ করে। আমাদের কেবল তার অস্থিরতা একটু সামলাতে হবে, যেন অতিরিক্ত চাপে সে ভেঙে না পড়ে।
“এটা অভিজ্ঞতা অর্জন ও পরিপক্ব হওয়ার একটা প্রক্রিয়া, এমবাপে ও হলান্ড সম্ভবত কয়েক বছর আগেই এমন পরিস্থিতি পার করেছে। লামিন সেই প্রক্রিয়ার মধ্যে আছে। আর আমরা তার সঙ্গে এনিয়ে অনেক কথা বলি। বিশ্বকাপের বাকি সময়টায় সে এমন কিছু করে দেখাবে, যা সবার মনে ইতিবাচক ছাপ ফেলবে।”
দুই বছর আগে স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে বড় ভূমিকা রাখেন ইয়ামাল। ওই টুর্নামেন্টে চারটি অ্যাসিস্ট ও একটি গোল করেছিলেন তিনি। আসরের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার উঠেছিল তার হাতে।