Published : 13 Jun 2026, 02:32 PM
চার বছর আগে ঘরের মাঠের বিশ্বকাপে ভরাডুবির পর কাতার জানে, এবারও কঠিন পথই অপেক্ষা করছে তাদের জন্য। তবে দলটির কোচ হুলেন লোপেতেগি আশাবাদী, এবার ভক্তদের গর্বিত করার মতো পারফরম্যান্স উপহার দিতে পারবেন তারা।
বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় ‘বি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কাতার।
২০২২ সালে দেশের মাটিতে আসর দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় কাতারের। সব ম্যাচ হারে দলটি, করতে পারে কেবল একটি গোল। যে কোনো স্বাগতিক দলের জন্য যা সবচেয়ে বাজে ফল। বাছাই পেরিয়ে এবারের আসরে খেলছে কাতার। এবার বিশ্বকাপে ভালো ফলের দিকে তাকিয়ে দলটির কোচ লোপেতেগি।
“কমবেশি এক বছর আগে যখন আসি, আমাদের লক্ষ্য ছিল (চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া)। আমাদের স্বপ্ন ছিল সেটা। এই ছেলেদের নিয়ে সেটা আমরা করতে পেরেছি। ওরা ইতিহাস গড়েছে।”
“এখন আমরা থামতে চাই না। আমরা জানি, কেমন প্রতিপক্ষের মুখোমুখি হব। আমরা জানি, আমরা বিশ্বকাপে খেলছি এবং আমরা স্বপ্নের পথ ধরে এগিয়ে যেতে চাই। একইভাবে আমরা মনে করছি না, কেউ আমাদের জন্য উপহার নিয়ে বসে আছে। এবার আমরা যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বীতা করতে চাই, যার শুরু প্রথম ম্যাচ দিয়ে।”
বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্টের দিকে তাকিয়ে কাতার। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা।
শক্তি, সামর্থ্য ও ঐতিহ্যে অনেক এগিয়ে সুইজারল্যান্ড। তাদের নির্দিষ্ট কোনো খেলোয়াড় নিয়ে কথা বলতে চান না লোপেতেগি।
“আমি মনে করি, সুইজারল্যান্ড খুব, খুব শক্তিশালী দল। তাদের বেশিরভাগই শীর্ষমানের খেলোয়াড়। তাদের কোনো একজনকে নিয়ে আমি কথা বলতে চাই না। আমি তাদের সবাইকে নিয়ে কথা বলতে চাই।”
এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হবে লোপেতেগির। ২০১৮ সালেই স্পেনের হয়ে এই স্বাদ পেতে পারতেন তিনি। বিশ্বকাপের পর রেয়াল মাদ্রিদের কোচ হওয়ার কথা ছিল তার। কিন্তু বিশ্বকাপের আগেই গণমাধ্যমে এই খবর প্রকাশ করে দেয় স্প্যানিশ ক্লাবটি। এর প্রতিক্রিয়ায় লোপেতগিকে ছাঁটাই করে স্পেন। এখন আর পেছনে তাকতে চান না এই কোচ।
“আমি অতীত নিয়ে ভাবছি না। আমি বর্তমান নিয়ে ভাবছি। কারণ, আপনি আপনার ভবিষ্যৎ গড়ছেন।”