Published : 01 Jul 2026, 01:03 PM
এবারের বিশ্বকাপে প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি নেদারল্যান্ডস। শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়া দলটির ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন রোনাল্ড কুমান। ডাচদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
জাপানের বিপক্ষে ড্র করে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু করে নেদারল্যান্ডস। পরের দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে জিতে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। কিন্তু এরপর আর বেশিদূর এগোতে পারেনি গত আসরের কোয়ার্টার-ফাইনালিস্টরা।
শেষ বত্রিশের লড়াইয়ে মঙ্গলবার মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে হৃদয় ভাঙে ডাচদের। ওই ম্যাচে পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কুমানকে। তার বিদায়টা তাই একরকম অনুমেয়ই ছিল। কিন্তু ম্যাচ শেষে দায়িত্ব ছাড়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।
পরদিন সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে পদত্যাগ করার ঘোষণা দেন ৬৩ বছর বয়সী কুমান।
“গত রাতে ডাচ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিজের অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।”
“আমরা সবাই এমন একটি বিশ্বকাপের স্বপ্ন দেখছিলাম, যেখানে আমরা ইতিহাস গড়ব। কিন্তু সেটা হয়নি। এর জন্য আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। প্রধান কোচ হিসেবে এই দায় আমারই।”
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন কুমানের স্ত্রী বার্টিন। এ কারণে সাম্প্রতিক সময়ে কুমানকে অনেকবারই বলতে শোনা গেছে, ফুটবলের চেয়ে পরিবারের গুরুত্ব এখন তার কাছে বেশি। কোচিং ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়ে সেই কথাটি আরও একবার বললেন তিনি।
“তাছাড়া, গত কয়েক বছর আমাকে আবারও উপলব্ধি করিয়েছে যে, ফুটবলের চেয়ে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। ফুটবলই আমার জীবন, তবে স্বাস্থ্য অমূল্য। প্রিয় কেউ যখন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যায়, তখন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়।”
“নিজের অসুস্থতা সত্ত্বেও, প্রধান কোচ হিসেবে দায়িত্ব শেষ করার জন্য আমার স্ত্রী বার্টিনা প্রতিদিন আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছে। এটা অসাধারণ মানসিক শক্তির পরিচয়। আমি তার প্রতি কতটা কৃতজ্ঞ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর নাইজেল ডি ইয়ং এবারের বিশ্বকাপ অভিযানকে অত্যন্ত ‘হতাশাজনক’ বলেছেন। কুমান নিজে থেকে পদত্যাগ না করলে, তাকে পদে রাখা হবে কি না- সেই সিদ্ধান্তের পেছনে ডি ইয়ংয়ের বড় একটা ভূমিকা থাকত।
“লক্ষ্য ছিল সেমি-ফাইনাল আর স্বপ্ন ছিল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। দুর্ভাগ্যবশত, আমরা কিছুই অর্জন করতে পারিনি। হ্যাঁ, আমরা লক্ষ্য থেকে অনেক দূরে। এটাই বাস্তবতা। এটা আমাদের স্বীকার করতে হবে।”
চার বছর আগে কাতার বিশ্বকাপের পর ডাচদের প্রধান কোচ হিসেবে লুই ফন খালের স্থলাভিষিক্ত হয়েছিলেন কুমান। পরবর্তীতে তার কোচিংয়ে দলটি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠলেও, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ২৫ দলের কাউকে হারাতে পারেনি।
এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রথম মেয়াদে নেদারল্যান্ডসের কোচ হিসেবে যোগ দেন কুমান। এরপর ২০২০ সালের আগস্টে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার জন্য তিনি আকস্মিকভাবে সেই পদ ছেড়ে দেন।