Published : 23 Jul 2026, 05:52 PM
মহাতারকা লিওনেল মেসি ও তার সতীর্থদের যেভাবে পুরোপুরি আটকে রেখে বিশ্ব জয়ের উল্লাসে মাতে স্পেন, তা নিয়ে চর্চা থেমে নেই। বিশ্বকাপ ফাইনালের মতো ভীষণ চাপের ম্যাচেও নিজেদের কৌশল যে নিখুঁতভাবে প্রয়োগ করে রদ্রি-ওলমোরা, তা এককথায় অবিশ্বাস্য। স্নায়ুচাপের সেই মঞ্চে শিষ্যদের প্রতি কী বার্তা ছিল, দেশে ফিরে সোনালী ট্রফি হাতে নিয়ে সেটা জানালেন লুইস দে লা ফুয়েন্তে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গত রোববারের ফাইনালে পাসিং ফুটবলের পসরা মলে ধরলেও, কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না স্পেন। অবশেষে, বদলি নামা ফেররান তরেসের অতিরিক্ত সময়ের একমাত্র গোলে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতে ইউরোপের দেশটি।
বিশ্বকাপ জয়ের তিন দিন পর, সোনালী ট্রফিটি হাতে নিয়ে দেশের ক্রীড়া পত্রিকা ‘এএস’-এ উপস্থিত হন দে লা ফুয়েন্তে। তখন সেখানে উৎসবমুখর পরিস্থিতি তৈরি হয়।
চার বছর আগে যখন স্পেন দলের দায়িত্ব নেন, তখন যে কল্পনাও করেননি এই সাফল্যের কথা, নির্ধিদ্বায় বললেন দে লা ফুয়েন্তে। ফাইনালে দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি।
“ফাইনাল ম্যাচটা আবার দেখার দরকার নেই আমার, আমার মনে হয়, আমরা অনেকটা ব্যবধানে সেরা দল ছিলাম।
“চার বছর আগে, (এখানে) আগে যখন এসেছিলাম, তখন ভাবিওনি যে এতদূর আসতে পারব; তবে এই যাত্রা ধাপে ধাপে এগিয়েছে। আমাদের যা কিছু ছিল, তাই নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছিলাম।”
ফাইনালে শুরু থেকেই আর্জেন্টিনা আগ্রাসী ফুটবল খেলতে থাকে। তাতে স্বাভাবিকভাবেই স্পেনের স্বাভাবিক খেলা কিছুটা বাধার মুখে পড়ে। তবে, নির্ধারিত সময়ের পর, যোগ করা সময়ে এন্সো ফের্নান্দেস বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে আরও চাপ বাড়ানোর সুযোগ পেয়ে যায় স্পেন।
সেই সময়ে আর্জেন্টিনা যেকোনোভাবে ম্যাচ টাইব্রেকারে নেওয়ার চেষ্টা করছিল বলে মনে করেন দে লা ফুয়েন্তে।
“আমি ভালোভাবেই বুঝি, কেন তারা লড়াই পেনাল্টি শুটআউটে নেওয়ার চেষ্টা করছিল, বিশেষ করে ওই (এন্সো ফের্নান্দেস) বহিষ্কারের পর। আমরা নিজেদের কাছে পরিষ্কার ছিলাম যে, আমাদেরকে নিজেদের খেলা খেলতে হবে।
“খেলোয়াড়দেরকে আমি ওই বার্তাই দিয়েছিলাম। আমাদেরকে আমাদের খেলাটা খেলতে হবে, কারণ তারা তাদের খেলার ধরনে অনেক ভালো, তাই তাদেরকে তাদের মতো খেলতে দেওয়া যাবে না।”