Published : 23 Jul 2026, 11:11 PM
অনেক দিন ধরে নতুন প্রধান কোচ খুঁজছে ইতালি। পেপ গুয়ার্দিওলার সঙ্গে আলোচনা চলছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে তাদের প্রথম পছন্দ ছিলেন না স্প্যানিশ এই কোচ। দলটির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, গুয়ার্দিওলার আগে কার্লো আনচেলত্তির সঙ্গে কথা বলেছিলেন তারা।
টানা তৃতীয়বারের মতো ইতালি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর, গত এপ্রিলে কোচের দায়িত্ব ছেড়ে দেন জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের খোঁজে রয়েছে চারবারের বিশ্বকাপ জয়ীরা।
সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার ইতালির কিংবদন্তি ডিফেন্ডার মালদিনি বলেন, বিশ্বের সেরা কোচদের কাউকে নিতে চান তারা।
“আমরা এটা লুকাতে পারি না, পেপের সঙ্গে কথা বলার আগে কার্লো আনচেলত্তির সঙ্গেও আলোচনা করেছি। সত্যি বলতে, যাদের আমরা বিশ্বের সেরা কোচ মনে করি, তাদের দিয়েই কাজটা শুরু করা আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়।”
সদ্য শেষ হওয়া উত্তর আমেরিকা বিশ্বকাপে আনচেলত্তির কোচিংয়ে খেলে ব্রাজিল। যদিও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি তারা, নরওয়ের কাছে হেরে বাদ পড়ে শেষ ষোলো থেকে। তবুও আনচেলত্তির ওপর আস্থা রেখেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।
সেরি আর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মালদিনি জানান, ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সপ্তাহের শেষ নাগাদ নতুন কোচ নিয়োগ দিতে চায়। তবে তাড়াহুড়োর চেয়ে সঠিক ব্যক্তিকে বেছে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের খবর, ইতালির কোচ হতে বছরে দুই কোটি ইউরো পারিশ্রমিক চেয়েছেন গুয়ার্দিওলা, যা এফআইজিসির প্রস্তাবিত অঙ্কের দ্বিগুণ। এনিয়ে মালদিনির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এই মুহূর্তে কী ঘটছে, সে বিষয়ে আমরা সত্যিই নতুন কোনো তথ্য দিতে পারছি না।”
লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের ওই প্রতিবেদনে আরও বলা হয়, গুয়ার্দিওলা নিজের পরিবারের সঙ্গে বার্সেলোনায় আরও বেশি সময় কাটাতে চান, যা আলোচনায় জটিলতা তৈরি করেছে।
বিশ্বের স্বনামধন্য কোচদের একজন গুয়ার্দিওলা। গত মে মাসে ম্যানচেস্টার সিটি দায়িত্ব ছাড়েন তিনি। ক্লাবটির কোচ হিসেবে প্রায় এক দশকে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন ৫৫ বছর বয়সী গুয়ার্দিওলা।
গুয়ার্দিওলার সঙ্গে আলোচনার চলার এই সময়ে এফআইজিসি-এর ভাবনা নিয়ে আপত্তি তুলেছেন ইতালিয়ান অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুয়োনফিলিও। ইতালির জাতীয় দলকে কোনো বিদেশি কোচের দায়িত্বে দেখতে চান না তিনি।
গুয়ার্দিওলা ছাড়াও, সম্ভাব্য কোচদের তালিকায় রয়েছেন আন্তোনিও কন্তে, যিনি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইতালির কোচ ছিলেন। সবশেষ নাপোলির দায়িত্ব পালন করেছেন ৫৬ বছর বয়সী এই ইতালিয়ান।
ইতালির সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালে ইতালিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো সাবেক কোচ রবের্তো মানচিনির ফেরার সম্ভাবনাও, বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে।