Published : 24 Jun 2026, 12:57 PM
প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে দুই ম্যাচ শেষে এখন বিদায়ের দুয়ারে উজবেকিস্তান। কলম্বিয়ার বিপক্ষে যা একটু লড়াই করেছিল তারা, পর্তুগালের সামনে তো দাঁড়াতেই পারেনি। দলের এমন ভরাডুবিতে খেলোয়াড়দের কোনো দায় দেখেন না ফাবিও কান্নাভারো। উজবেকিস্তান কোচের মতে, ভুলটা তারই হয়েছে।
বিশ্বকাপে অভিষেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারে উজবেকিস্তান। আর মঙ্গলবার তাদেরকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল।
‘কে’ গ্রুপে এখন সবার নিচে আছে উজবেকিস্তান। এবারের বিশ্বকাপে গ্রুপের তৃতীয় সেরা আটটি দল সুযোগ পাবে নকআউটে। তাই গাণিতিকভাবে এখনও কিছুটা আশা বেঁচে আছে উজবেকিস্তানের।
পর্তুগিজদের বিপক্ষে দল বিধ্বস্ত হলেও, খেলোয়াড়দের তাড়না ও চেষ্টায় খুশি কান্নাভারো। ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক তাই, সব দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন।
“তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, নিজেদের উজাড় করে দিয়েছে, আমি খুবই গর্বিত। গাণিতিকভাবে যতক্ষণ না আমাদের বিদায় নিশ্চিত হচ্ছে, আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে।”
“সারা জীবন খেলোয়াড় ও কোচ হিসেবে দায়ভার নিজের কাঁধে নিয়ে আসছি। আমরা ৫-০ গোলে হেরেছি, তার কারণ আমি ভুল করেছি, তারা নয়।”
খেলোয়াড়দের ওপর থেকে চাপ সরিয়ে নেওয়ার কাজটা বিশ্বকাপের আগে থেকেই করছিলেন কান্নাভারো। সবাইকে বিশ্ব মঞ্চে প্রথমবার খেলার মুহূর্ত উপভোগ করার বার্তা দিয়েছিলেন তিনি। বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে বললেন, এই খেলোয়াড়দের আরও আত্মবিশ্বাসী করে তোলাই তার লক্ষ্য।
“এটা আমাদের প্রথম বিশ্বকাপ। আমি খেলোয়াড়দের বলেছি, তারা ভুল পাস দিতে পারে, ম্যাচজুড়ে আরও অনেক ভুল করতে পারে। কারণ, আমি তাদেরকে চেষ্টা করার ও উন্নতি করার আত্মবিশ্বাস দিতে চাই।”
শেষ গ্রুপ ম্যাচে আগামী রোববার বাংলাদেশ সময় ভোরে আরেক নবাগত ডিআর কঙ্গোর মুখোমুখি হবে উজবেকিস্তান।