ইআরকিউ হিসাবের সীমা বাড়িয়ে দ্বিগুণ
ইআরকিউ হিসাবে এখন মোট রপ্তানি মূল্যর ১৫ শতাংশ নেওয়া যাবে।
রপ্তানির বিপরীতে আসা আয়ের যে অংশ ইআরকিউ (রপ্তানিকারকের রিটেনশন কোটা) হিসাবে বৈদেশিক মুদ্রায় জমা রাখতে পারেন উদ্যোক্তরা, সেটি দ্বিগুণ করা হয়েছে। উচ্চমূল্যের কাঁচামাল আমদানিকারকরা এ সুবিধা পাবেন।
বুধবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ইআরকিউ হিসাবে এখন মোট রপ্তানি মূল্যের ১৫ শতাংশ নেওয়া যাবে। এতদিন তা ছিল ৭ দশমিক ৫ শতাংশ।
রপ্তানির বিপরীতে আসা আয়ের একটি অংশ বৈদেশিক মুদ্রায় ইআরকিউ হিসাবে রাখতে পারেন রপ্তানিকারকরা।
রপ্তানিকারকরা রপ্তানি আয়ের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত এ হিসাবে রাখতে পারেন। এর মধ্যে আইসিটি খাত ৩৫ শতাংশ, নিট পোশাক, কৃষি ও পাট খাতে ৩০ শতাংশ এবং ওভেন পোশাক খাতে রপ্তানিকারকরা ৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত ইআরকিউ হিসাবে রাখতে পারেন।
