Published : 23 Jun 2026, 08:35 AM
হাইতি ম্যাচের ৪০তম মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটে রাফিনিয়া যখন মাঠ ছাড়লেন, ধাক্কা খেল ব্রাজিল। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার শঙ্কা জেকে ধরেছিল তাকে ও তার পরিবারকে। সেদিনের কঠিন সময়ের কথা জানালেন, এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের স্ত্রী। বললেন, অজানা শঙ্কায় কেঁদেছিলেন দুজনেই।
শঙ্কার মেঘ পুরোপুরি অবশ্য এখনও সরে যায়নি রাফিনিয়ার আকাশ থেকে। গ্রুপ পর্বে খেলতে পারবেন না, এটা নিশ্চিত অনেকটাই। উত্তর আমেরিকা বিশ্বকাপে তিনি আর মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়েও আছে ঘোর অনিশ্চয়তা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বাড়ি না ফিরে, দলের সাথেই থাকবেন রাফিনিয়া। ২৯ বছর বয়সী এই ফুটবলারকে রাখা হবে নিবিড় পর্যবেক্ষণে। ফলে, সেরে উঠে তার খেলার সম্ভাবনা টিকে আছে কিছুটা হলেও।
একটি টিভি অনুষ্ঠান ‘দমিঙ্গাও কম হুক’ এ ওই সময়টুকু তুলে ধরেছেন রাফিনিয়ার স্ত্রী বেল্লোলি। ফোনের এপাশ-ওপাশে কান্নার রোল উঠেছিল, বললেন তিনি।
“সত্যি বলতে, আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। ও কাঁদছিল, আমিও কাঁদছিলাম। আমরা ফোনে কথা বলছিলাম। পরের দিন ওর পরীক্ষা হলো এবং বাড়িতে এসেছিল কিছুক্ষণের জন্য, তখনই কেবল আমরা বিষয়টা নিয়ে কথা বলতে পেরেছিলাম।”
“এখন ও ভালোভাবে উন্নতি করছে। শক্ত আছে এবং নিজের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত। এটাই গুরুত্বপূর্ণ: এই সময়ে মনটাকে ঠিক রাখা এবং ভালো দিন আসছে, এটা বিশ্বাস করা।”
মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল নকআউট পর্বে খেলার সম্ভাবনা জোরাল করেছে, হাইতিকে ৩-০ গোলে হারিয়ে। রাফিনিয়াকে দলের সাথে সিবিএফ রেখে দিয়েছে, নক আউট পর্বে ব্রাজিলের সম্ভাবনার কথা ভেবে।