Published : 17 Jul 2026, 01:04 PM
নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে এক পোশাককর্মী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নেত্রকোণা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান।
নিহত ২২ বছর বয়সী মুহিদ খান রিফাত মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
মুহিদের মামা লিলু মড়ল বলছিলেন, “আমার ভাগ্নে ঢাকায় পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়িতে আসছিল।
“ভোরের দিকে তাকে মোবাইলফোনে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পাই।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা খানে আলম খান বলেন, “মুহিদ খান ট্রেনের চাকায় কাটা পড়ে ছিটকে রেলপথের পাশে ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।”
তার লাশ উদ্ধার করে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নেত্রকোণা মডেল থানার এসআই মো. আকমল বলেন, “লাশ ঘটনাস্থলেই রাখা আছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।
“তারা এলে লাশ বুঝিয়ে দেওয়া হবে এবং রেল পুলিশই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।”