Published : 11 Jul 2026, 08:58 AM
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনাকে কখনও হারাতে পারেনি সুইজারল্যান্ড। তবে ইউরোপের দলটিকে ভীষণ সমীহ করছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সুইসদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলে মনে করছেন আর্জেন্টিনা সহকারী কোচ ওয়াল্তার সামুয়েল।
বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ক্যানসাস সিটিতে শেষ আটের ম্যাচটি শুরু হবে ১২ জুলাই ৭টায় (এএম)।
প্রতিপক্ষকে বিশ্লেষণ করে তাদের মূল শক্তির দিকগুলো তুলে ধরলেন সামুয়েল।
“তারা কঠিন, শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলা দল। (গ্রানিত) জাকা, (মানুয়েল) আকাঞ্জিদের নিয়ে তারা অনেক মানসম্পন্নও। তাদের রক্ষণভাগে এমন সব খেলোয়াড় আছে, যারা ভালো খেলতে পারে এবং তারা বল পায়ে খুব শান্ত, সুসংগঠিত।”
আর্জেন্টিনার সহকারী কোচ জোর দিয়ে বলেন, সুইজারল্যান্ড শুধু শারীরিক শক্তিনির্ভর বা রক্ষণাত্মক কৌশল বেছে নিয়ে খেলা কোনো দল নয়, বরং তাদের খেলোয়াড়রা খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারে এবং পাল্টা আক্রমণে উঠতে পারদর্শী।
প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণের পাশাপাশি নিজেদের শক্তির ওপর জোর দেওয়াকে গুরুত্ব দিচ্ছেন সামুয়েল, “আমরা যেমন প্রতিপক্ষের দিকে নজর দেই, তেমনি আমরা নিজেদের খেলা নিয়েও ভাবি।”