২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অভিনন্দন, চ‍্যাম্পিয়ন,’ মেসির প্রতি ক্লোসার বার্তা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা লিওনেল মেসিকে সর্বকালের সেরা হিসেবে বর্ণনা করেছেন জার্মানির সাবেক এই স্ট্রাইকার।

‘অভিনন্দন, চ‍্যাম্পিয়ন,’ মেসির প্রতি ক্লোসার বার্তা
উত্তর আমেরিকা বিশ্বকাপে যেন উড়ছেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 10:22 AM

Updated : 19 Sep 2026, 02:27 PM

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেওয়া লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছেন জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। 

এই আসরের আগে ১৬ গোল করে চূড়ায় ছিলেন বিশ্বকাপ জয়ী এই গ্রেট। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম‍্যাচে হ‍্যাটট্রিকে তাকে স্পর্শ করেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব‍্যবধানের জয়ে দুটি গোল করে রেকর্ড নিজের করে নেন আর্জেন্টাইন মহাতারকা। 

বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসরে খেলা মেসির গোল হলো ১৮টি। রেকর্ড হারানোর পর জার্মান গণমাধ‍্যমে নিজের প্রতিক্রিয়া জানান ক্লোসা। 

“আমার কাছে, লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ‍্যাম্পিয়ন।”

টুর্নামেন্টের শুরুতেই ক্লোসা বুঝতে পেরেছিলেন, রেকর্ড খুব বেশি দিন তার হাতে থাকবে না। রেকর্ড ভাঙতে মেসিতে স্বাগত জানিয়েই রেখেছিলেন তিনি।   

“আমার ধারণা, এই বিশ্বকাপেই রেকর্ডটি ভেঙে যাবে। দল বেশি হওয়ায় ম্যাচও বেশি, গোল করার সুযোগও থাকে বেশি। আমার মনে হয়, এবার আর্জেন্টিনা ও ফ্রান্স অনেক দূর যাবে। এটা হলে দারুণ হবে, রেকর্ডটা একদিন ভাঙবেই। সেটা করার জন্য মেসিকে স্বাগতম। আমি মেসির বড় ভক্ত, বরাবরই।”

রেকর্ড থেকে বেশি দূরে নেই ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। ১৬ ম‍্যাচে ১৬ গোল করে ক্লোসার সঙ্গে যৌথভাবে দুই নম্বরে আছেন তিনি।