Published : 04 Jul 2026, 07:04 PM
নরওয়েকে কখনও হারাতে পারেনি ব্রাজিল। এমনকি বিশ্বকাপ ইতিহাসে নরওয়ের একটি ঐতিহাসিক জয় ব্রাজিলের বিপক্ষেই! শেটল রেকডাল সেই স্মৃতি আওড়ে বললেন, আসছে ম্যাচে ‘ভয় ও চাপ’ সবই থাকবে কার্লো আনচেলত্তির দলের ওপর। নরওয়ে নামবে নির্ভার হয়ে!
উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নিউ ইয়র্কে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সোমবার ২টায় (এএম) শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচের আগে, রেকডাল সামনে আনলেন ১৯৯৮ বিশ্বকাপের সেই প্রাপ্তির গল্প। সেবার গ্রুপ পর্বের দেখায় ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। দলের সেই সাফল্যের গল্পে জয়সূচক গোলটি রেকডালের।
ওই ম্যাচের আগে-পরে মিলিয়ে দুই দলের মোট দেখা হয়েছে চারবার, কিন্তু কখনও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। রেকডালের মনে হচ্ছে, এবারের লড়াইয়েও সেই না পারার ভয় গোচরে-অগোচরে তাড়া করবে ব্রাজিলকে এবং সেই ভয়ে হোঁচটও খাবে তারা।
“নিঃসন্দেহে রোববারের ম্যাচে ব্রাজিলই সবচেয়ে বেশি চাপে থাকবে। দীর্ঘ সময় পর নকআউট পর্বে ফেরা এরই মধ্যে নরওয়েকে টুর্নামেন্টের সফল দল করে তুলেছে। সেখানে, জয়ের বাইরে কোনো ফল, ব্রাজিলের জন্য জাতীয় বিপর্যয় হিসেবে দেখা হয়।”
“(নরওয়েকে কখনও হারাতে না পারার) ভয়টা সবসময়ই ব্রাজিলের থাকবে- এই আতঙ্কে তারা আবারও নরওয়ের বিপক্ষে হোঁচট খাবে।”