Published : 05 Jul 2026, 01:51 AM
জাতিসংঘের পুলিশপ্রধানদের শীর্ষ সম্মেলন ‘ইউএনকপস ২০২৬’-এ অংশগ্রহণের লক্ষ্যে নিউ ইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার মধ্যরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে করে মন্ত্রীর ঢাকা ছাড়ার কথা।
৭ ও ৮ জুলাই এ সম্মেলন হবে, যেখানে মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশের প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।
এই সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশপ্রধান এবং আঞ্চলিক ও পেশাজীবী পুলিশিং সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদ হলে 'ইউএন-কপস' সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন।
এবারের সম্মেলনে 'জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা', 'জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি' এবং 'আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি' শিরোনামে তিনটি অধিবেশন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
মন্ত্রী বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।"
১২ জুলাই প্রতিনিধি দলটি ঢাকায় ফিরবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।