Published : 05 Jul 2026, 01:34 AM
অনলাইন লেনদেনকে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে বাংলাদেশে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা ‘পেমেন্ট পাসকি’ চালু করেছে।
এর মাধ্যমে অনলাইন লেনদেনের সময় প্রচলিত ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) ছাড়াই পরিচয় যাচাই করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
নতুন এ প্রযুক্তিতে গ্রাহকরা মোবাইল ফোন বা অন্য ডিভাইসে থাকা ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি অথবা পিন ব্যবহার করে সহজেই লেনদেনের অনুমোদন দিতে পারবেন।
বাংলাদেশে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় এ সেবা চালুর কথা বলেছে ভিসা।
ফাস্ট আইডেন্টিটি অনলাইন (এফআইও) মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি এই ব্যবস্থা অনলাইন পেমেন্টকে আরও দ্রুত ও নিরাপদ করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশে ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়ছে। কিন্তু অনলাইন লেনদেনের সময় পরিচয় যাচাইয়ের ধাপটি অনেক ক্ষেত্রেই গ্রাহকদের জন্য সময়সাপেক্ষ ও জটিল হয়ে ওঠে। ভিসা পেমেন্ট পাসকি সেই অভিজ্ঞতাকে সহজ করবে। এতে গ্রাহকরা দ্রুত ও নিরাপদভাবে লেনদেন সম্পন্ন করতে পারবেন, মাঝপথে লেনদেন বাতিল হওয়ার ঘটনাও কমে আসবে, পাশাপাশি সফল পেমেন্টের হারও বাড়বে।”