Published : 21 Jun 2026, 10:10 PM
জীবন নিয়ে নতুন করে ভাবছেন নুসাইর মাজরাউই। বিশ্বকাপের পর বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হওয়ার পরিকল্পনা করছেন মরক্কোর এই ডিফেন্ডার।
মাজরাউইয়ের বয়স কেবল ২৮। আরও কয়েক বছর অনায়াসে সবুজ গালিচায় বল পায়ে ছুটতে পারেন তিনি। খেলছেন বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেডে। বিশ্বকাপে মরক্কোর গুরুত্বপূর্ণ সদস্যও তিনি।
ক্যারিয়ারের এমন সুবর্ণ সময়ে দাঁড়িয়ে ফুটবল ছাড়ার ভাবনার কথা বলে সবাইকে অনেকটা চমকে দিয়েছেন মাজরাউই।
“বিশ্বকাপের পর আমি হয়তো অবসর নিয়ে নিতে পারি। জীবন খুবই সংক্ষিপ্ত। আমি পবিত্র কুরান মুখস্ত করতে চাই এবং একদিন কোনো মসজিদের ইমাম হতে চাই।”
মাজরাউইয়ের এই বক্তব্য থেকে ধারণা করাই যায়, প্রত্যাশার চেয়ে অনেক আগেই পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে পারেন তিনি।
আয়াক্সের একাডেমি থেকে উঠে আসা মাজরাউইর ২০১৮ সালে ডাচ ক্লাবটির মূল দলে অভিষেক হয়। এরপর ২০২২ সালে তিনি বায়ার্ন মিউনিখে যোগ দেন। ২০২৪ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডের এই ক্লাবের সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার।
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক যাত্রারও অংশ ছিলেন মাজরাউই। সেবার আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে মরক্কো। সেবার পাঁচটি ম্যাচে মাঠে নামেন তিনি।
এবার উত্তর আমেরিকা আসরে দলটির প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন মাজরাউই। ব্রাজিলের বিপক্ষে ৮০ মিনিট ও স্কটল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ খেলেন তিনি