Published : 16 Jun 2026, 07:37 PM
ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন শুরুর আগেই শেষ হয়ে গেল ম্যাট গ্যারবেটের। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই মিডফিল্ডার।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্রয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে নিউ জিল্যান্ড। ম্যাচটির আগে অনুশীলনে চোট পান তিনি। তাই স্বাভাবিকভাবেই খেলতে পারেননি ইরানের বিপক্ষে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে গ্যারবেটের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড ফুটবল।
গ্যারবেটের বদলি হিসেবে ডাক পেয়েছেন অকল্যান্ড এফসির ফরোয়ার্ড লোগান রজার্সন।
আচমকা বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে অকল্যান্ডের দেওয়া বিবৃতিতে রজার্সন বলেন, অবিশ্বাস্য এই সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত এবং দলে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন।
“ম্যাট আমার খুবই ভালো বন্ধু। ওর জন্য সত্যি খারাপ লাগছে। সত্যি বলতে অদ্ভূত অনুভূতি হচ্ছে, কিছুটা বিপরীতমুখী-(ম্যাটের জন্য খারাপ লাগছে) আবার দলে সতীর্থদের সঙ্গে যোগ মনের মধ্যে রোমাঞ্চ কাজ করছে।”
‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার সকাল ৭টায় মিশরের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।