Published : 08 Jun 2026, 07:24 PM
কাতারে অবিশ্বাস্য পারফরম্যান্সে নতুন ইতিহাসের জন্ম দেওয়া মরক্কো দলকে ঘিরে এবার আরও বড় কিছুর স্বপ্ন। তবে মূল অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে তারা; সবশেষ প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় মূল পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ দুই ফুটবলারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
শুরুর একাদশের খেলোয়াড় নুসাইর মাজরাউই ও আব্দেসামাদ এজজাজুলিকে ঘিরে এই অনিশ্চয়তা জেগেছে। প্রস্তুতিপর্বে রোববার রাতে নরওয়ের সঙ্গে ১-১ ড্রয়ের ম্যাচে চোট পান তারা।
প্রতিপক্ষের কড়া ট্যাকলে কাঁধে আঘাত পান মাজরাউই এবং ২৯তম মিনিটে উঠে যান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। আর পায়ে চোট পাওয়ায় বিরতির পর মাঠে নামেননি রেয়াল বেতিসের লেফট উইঙ্গার এজজাজুলি।
ইউরোপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করা নরওয়েকে এবারের বিশ্বকাপে অনেকেই ‘ডার্ক হর্স’ হিসেবে দেখছে। তাদের বিপক্ষে প্রথমার্ধে দারুণ খেলে মরক্কো। ব্রাহিম দিয়াসের চমৎকার গোলে অষ্টম মিনিটে এগিয়েও যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে, শেষ দিকে অধিনায়ক মার্টিন ওদেগোরের গোলে সমতায় শেষ করে নরওয়ে।
জয় না মিললেও দলের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। দুই অর্ধ মিলিয়ে প্রায় পুরো দল বদলে ফেলেন তিনি, সবাইকে খেলাতে পেরেও খুশি কোচ।
“জিততে না পারলেও, পারফরম্যান্সে আমরা ভালো একটা ছাপ ফেলতে পেরেছি। কারণ, খুব ভালো একটা দলের বিপক্ষে আমরা খুব ভালো কিছু কাজ করতে পেরেছি।”
তবে ওয়াহবিকে বেশি ভাবাচ্ছে ওই দুই জনের চোট, যখন বিশ্বকাপ অভিযান শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি।
“দুজন চোট পেয়ে মাঠ ছেড়েছে। তাদের অবস্থা কতটা গুরুতর, জানার অপেক্ষায় আছি আমরা। এটা নিয়েই আমি বেশি চিন্তিত।”
আগামী রোববার ভোরে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে গতবারের সেমি-ফাইনালিস্ট মরক্কো। ‘সি’ গ্রুপের অন্য দুই দল হাইতি ও স্কটল্যান্ড।