Published : 03 Jul 2026, 04:12 PM
যেকোনো দলের সাফল্যের পেছনে মাঠের খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারির সমর্থকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি ভক্তদের উন্মাদনা ও ভালোবাসায় মুগ্ধ কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী এই কোচের মতে, সমর্থকেরাই আর্জেন্টিনার ‘দ্বাদশ খেলোয়াড়’, যারা দলকে বাড়তি শক্তি ও প্রেরণা জোগায়।
শতভাগ জয় নিয়ে গ্রুপ সেরা হওয়া আর্জেন্টিনা এবার নামবে শেষ ষোলোর লড়াইয়ে। বাংলাদেশ সময় শনিবার ভোর চারটায় এবারের বিশ্বকাপের চমক কেইপ ভার্ডের মুখোমুখি হবে তারা।
ম্যাচটি হবে মায়ামিতে, যাকে লিওনেল মেসির শহরও বলা যায়। কারণ যুক্তরাষ্ট্রের এই শহরের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেন আর্জেন্টিনা অধিনায়ক। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ২০২৩ সালে মেজর লিগ সকারের দলটিতে যোগ দেন তিনি।
এছাড়া, ফ্লোরিডার দক্ষিণ দিকে প্রায় ৩০ হাজার আর্জেন্টাইন স্থায়ীভাবে বসবাস করেন। যা যুক্তরাষ্ট্রের যেকোনো শহরের মধ্যে সর্বোচ্চ।
ধারণা করা হচ্ছে, আফ্রিকান দলটির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি যখন মাঠে গড়াবে, ততক্ষণে মেসি ও বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থনে স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার ভক্ত উপস্থিত থাকবেন। সমর্থকদের এমন উন্মাদনাকে সাধুবাদ জানিয়েছেন স্কালোনি।
“তাদের সমর্থন আমি দারুণ পছন্দ করি। আমরা তাদের এই ভালোবাসা অনুভব করি, যা আমাদের আরও শক্তিশালী করে তোলে; এটি আমাদের জন্য বাড়তি কোনো চাপ নয়। আশা করি তারা দলের খেলা উপভোগ করবে এবং আমরাও তাদের মুখে হাসি ফোটাতে পারব।
“সমর্থকরাই আমাদের দ্বাদশ খেলোয়াড়। আমাদের বর্তমান ফুটবলাররাও ছোটবেলায় আর্জেন্টিনার সমর্থক ছিলেন। আর আজ তারা এই জার্সি গায়ে খেলছেন। আমি মনে করি এটাই দলের আসল চরিত্র ফুটিয়ে তোলে।”
‘আন্ডারডগ’ কেইপ ভার্ডকে নিয়ে স্কালোনি কিছুটা সতর্ক থাকলেও, আর্জেন্টিনার সমর্থকরা অবশ্য বেশ ফুরফুরে ও আত্মবিশ্বাসী মেজাজে আছেন।
খেরোনিমো গুয়েনেন নামের এক সমর্থক বলেন, “আর্জেন্টিনা ২-০ বা ৩-০ গোলের একটি সহজ জয় নিয়ে মাঠ ছাড়বে, এটাই শেষ কথা।
“জেতার জন্য যা যা দরকার আর্জেন্টিনার সব আছে; আমাদের একটি চমৎকার দল আছে এবং মেসিও দারুণ ফর্মে আছেন- যেমনটা পুরো ক্যারিয়ার জুড়েই ছিলেন। আর এখন, আমরা যেকোনো দলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।”